রিসেট

সিলেটে ইজতেমা পেছানোর নির্দেশ পুলিশের, আয়োজকরা বলছেন সম্ভব না

প্রকাশিত: ১৫ নভেম্বর (মঙ্গলবার), ২০২২ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

সিলেটের আঞ্জুমানে হেফাজতে ইসলামের দু’দিন ব্যাপী ইজতেমা পেছানোর নির্দেশ দিয়েছে পুলিশ। শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশের পর ইজতেমা আয়োজনের কথা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে ইজতেমার ঠিক আগের দিন পুলিশের এই নির্দেশনা মানা সম্ভব না বলে জানিয়েছেন আয়োজকরা। তারা বলছেন, সব প্রস্তুতি সম্পন্ন। এখন পেছানো সম্ভব নয়। আগামী বৃহস্পতিবার বাদ ফজর থেকে সিলেট শহরতলীর ট্রাক টার্মিনালে দু’দিনের এই ইজতেমা শুরু হওয়ার কথা। 

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম ও বরুনার পীর মাওলানা রশীদুর রহমান ফারুকের আহবানে গত এক মাস ধরে সিলেটে দু’দিনের এই ইজতেমার আয়োজন চলছে। প্রথমে ইজতেমার স্থান ছিলো সিলেটের আলীয়া মাদরাসা ময়দান। বিএনপি’র গণসমাবেশের চিন্তা মাথায় রেখে পরে সেখান থেকে সরিয়ে শহরতলীর ট্রাক টার্মিনালে নেয়া হয়। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। ইজতেমা স্থলে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিশাল সামিয়ানা টানানোর পাশাপাশি লক্ষাধিক মানুষের আয়োজনের এই ইজতেমায় দেশ বিদেশের মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে। অনেকেই ইজতেমায় অংশ নিতে সিলেটে চলে এসেছেন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাশ রাত ৯ টায় মানবজমিনকে জানিয়েছেন- ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ১৯ শে নভেম্বরের পর ইজতেমার আয়োজন পেছানোর কথা সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বিএনপি’র গণসমাবেশের কারণে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। 

এদিকে- ইজতেমার আয়োজক আঞ্জুমানে হেফাজাতে ইসলামের নায়েবে নাজিম মাওলানা সাদ আমিন বরুনা মানবজমিনকে জানিয়েছেন- মোগলাবাজার থানার ওসি এসে ইজতেমা পেছানোর কথা বলে গেছেন। তবে- আমাদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে সব প্রস্তুতি সম্পন্ন। মেহমানরাও এসে গেছেন। এই অবস্থায় ইজতেমা পেছানো সম্ভব নয়।