রিসেট

ফখরুল-খসরুর জামিন মুক্তিতে বাধা নেই

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন তারা। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ। এ মামলায় এর আগে বিভিন্ন দফায় হাইকোর্ট ও নিম্ন আদালতে মোট চারবার মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ হয়। আমীর খসরুর জামিন আবেদন খারিজ হয় ৪ বার।

গত ২৮শে অক্টোবর বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। গত ১০ই জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান তিনি। এরপর ১৭ই জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান। গত ২৯শে অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। মির্জা ফখরুলের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  সেই থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে মির্জা ফখরুল।