রিসেট

এক্স-র প্রাক্তন কর্মীদের থেকে টাকা ফেরত চাইছেন ইলন মাস্ক

প্রকাশিত: ১৬ জুন (রবিবার), ২০২৪ Archive 2022Source: মানবজমিন ডিজিটাল

চাকরি থেকে ছাঁটাই করেও শান্তি নেই। এক্স থেকে সেই ছাঁটাই করা কর্মীদের চিঠি পাঠাল ইলন মাস্কের সংস্থা। সংস্থার দাবি, ছাঁটাই হওয়া কর্মীদের যে পাওনাগন্ডা মেটানো হয়েছে- তাতে ভুল করে সংস্থার তরফে বেশি টাকা দেওয়া হয়েছে। ২০২২ সালে ইলন মাস্ক যখন টুইটার (বর্তমানে এক্স ) কিনে নেন, তখন একধাক্কায় হাজার হাজার কর্মীকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরই একাধিক মামলা হয় এক্স -এর  বিরুদ্ধে। শ্রম আইন লঙ্ঘন থেকে শুরু করে কর্মক্ষেত্রে নিয়ম ভঙ্গ, কর্মীদের চাকরি ছাড়ার সময় টাকা না দেওয়ার মতো অভিযোগ ওঠে। এবার নতুন অভিযোগ উঠলো কর্মীদের থেকে বেতন  ফেরত চাওয়ার।

এক্স সংস্থার তরফে জানানো হয়েছে, মার্কিন ডলারের ভিত্তিতে বেতন ঠিক করা হয়। অস্ট্রেলিয়ার কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে মার্কিন ডলার থেকে অস্ট্রেলিয়ান ডলারে পরিবর্তন করার সময় হিসাবে গরমিল হয়েছিল। যখন কর্মীদের চাকরি থেকে বিতাড়িত করা হয় তখন তাদের সেটেলমেন্ট-র হিসাব করতে গিয়েই কর্মীদের ১৫০০ থেকে ৭০,০০০ ডলার পর্যন্ত অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে ।

এক্স (টুইটার)-র কমপক্ষে ৬ জন প্রাক্তন কর্মীরা লিগ্যাল নোটিস পেয়েছেন। তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে X-এর এশিয়া প্যাসিফিক হিউম্যান রিসোর্স দফতরের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে এমন অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। সেই কারণেই তা ফেরত চেয়ে পাঠানো হয়েছে। এদিকে আমেরিকান কর্পোরেট ইতিহাসে এই প্রথম, বিরাট অংকের বেতন পেতে চলেছেন ইলন মাস্ক। টেসলার শেয়ারহোল্ডাররা ইতিমধ্যেই সেই প্যাকেজ অনুমোদন করেছেন। বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানির সিইও-এর বেতন প্যাকেজের মূল্য প্রায় ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। গত জানুয়ারি মাসেই, আদালত মাস্কের বেতন প্যাকেজকে 'অবিশ্বাস্য' বলে প্রত্যাখ্যান করে দিয়েছিল। এখনও সেই রায় বদল হয়নি। এবার বোর্ডের অনুমোদনের পর আদালত থেকে নিজের পক্ষে রায় পেলেই এই বিশাল প্যাকেজ পেতে পারবেন মাস্ক।

সূত্র :  ইকোনোমিক টাইমস