রিসেট

বাধা দেয়ার পরিস্থিতি হলে কর্মসূচিতে বাধা দেয়া হবে

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, বাধা দেয়ার মতো সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে বাধা আসবে। বিএনপি’র বর্তমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির মূল ইস্যুই হচ্ছে ‘যত দোষ নন্দ ঘোষ’ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন- দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এই হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। তিনি বলেন, বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকারবিরোধী যে ঐক্য জোট, এ জোটের শরিকরা কোথায়? সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের উপর দোষ দিয়ে পার পাওয়া যাবে? নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। 

নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল? এটা পাগলের প্রলাপ ছাড়া আর কী? বিএনপি নেতাদের ২৮শে অক্টোবরের ঘটনা কারাগারে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর হামলা করা, জাজেস চেম্বার, পুলিশ হাসপাতালে গিয়ে হামলা করা-এসব অভিযোগে তাদের আটক করা হয়েছিল। তিনি বলেন, তারা তো বলেছিল আমরা পালিয়ে যাবো। পালিয়ে গেল কেন? পালিয়ে গেল মানে কোনো অপরাধ করেছে। আগে তো তারা পালায়নি! সেদিন পালিয়ে গেল। সেদিন কিছু অপরাধ তারা করেছে, সে জন্য তাদের পালাতে হয়েছে। পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারপর বিষয়টা বিচারাধীন, আদালতের বিষয়। 

আদালত যখন জামিন দিয়েছে, তখন তারা মুক্ত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারামুক্ত হয়ে বলেছেন, মুক্তির আন্দোলন চলবে। এ ব্যাপারে একজন গণমাধ্যমকর্মী মত জানতে চাইলে কাদের বলেন, বিরোধী দলের আন্দোলন বাস্তবে না হলেও মুখে আন্দোলনের কথাটা তাদের বলতে হয়। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হয়। সেটা প্রধান বিষয়। আর পাবলিককেও বোঝাতে হয়, সমমনাদের যে, আমরা আছি। আপনি সব সময় ছাত্রলীগের লাগাম টানার কথা বলে আসছেন। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারো তারা সংঘর্ষে জড়াচ্ছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পরও তারা সংঘর্ষে জড়িয়েছে-এ ব্যাপারে মত জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবস্থা হচ্ছে, আমরা চিন্তা-ভাবনা করছি নতুন করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার, আমরা হবো। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।