রিসেট

কারাগারেও মানবাধিকার নিশ্চিত করতে হবে

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, একজন মানুষকে যখন অভিযুক্ত করা হয় বা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তারপরেও ওই ব্যক্তিটির কিছু  অধিকার থাকে। কারাগার মানেই রাষ্ট্রীয় হেফাজত। যেহেতু বন্দির স্বাধীনভাবে কিছু করার ক্ষমতা নেই- তাই তার স্বাস্থ্য, আবাস, খাবার ও অন্যান্য যেসব সুযোগ- সুবিধা পাওয়ার কথা সেগুলো নিশ্চিত এবং উপযুক্ত হওয়া দরকার।
কারাগার পরিস্থিতি নিয়ে তিনি মানবজমিনকে বলেন, গত কয়েক মাসে বিরোধী রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীরা আটক হওয়ার কারণে বড় অঙ্কের বন্দি কারাগারে বৃদ্ধি পেয়েছে। বন্দি বাড়ার কারণে সেই সুযোগ- সুবিধাগুলো কমে গেছে। আর একটা অমানবিক পরিবেশে বন্দিদের রাখা হচ্ছে। রাষ্ট্র তার নাগরিকদের নিপতিত করছে। যদি আমাদেরকে এই পরিমাণ সংখ্যায় আটক রাখতে হয় এবং সংখ্যা যদি এভাবে বাড়ানো হয় তবে আবাসস্থলসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হোক। রাষ্ট্রের অধীনে বা রাষ্ট্রীয় হেফাজতে যিনি থাকেন তার সুযোগ-সুবিধা দেখার দায়িত্ব রাষ্ট্রের।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু নির্বাচনের সময় বন্দি বাড়ে না। যখন সমাজের ভেতর থেকে আন্দোলন-সংগ্রামে কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় তখন হঠাৎ করে গ্রেপ্তার বৃদ্ধি পায়। পুরনো মামলাগুলো সচল হয়। এসময় রাতারাতি অনেক মানুষকে আটক করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়।