রাজকোটে ভারতের দ্বিতীয় ইনিংসে এক ডজন ছক্কা হাঁকিয়ে ওয়াসিম আকরামের বিশ্বরেকর্ড ছুঁলেন যশস্বী জয়সওয়াল। রেকর্ডটি ভেঙে দিতে পারতেন ভারতীয় ওপেনার। তবে এরপরই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ঘোষণা করে দেয়ায় সে সুযোগ পাননি জয়সওয়াল। তার ব্যাট থেকে আসে ২১৪ রানের দুর্দান্ত ইনিংস। ২৩৬ বলের হার না মানা ইনিংসে ১৪টি চার ও ১২টি ছক্কা হাঁকান ২২ বছর বয়সী ওপেনার। ১৯৯৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের অপরাজিত ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন আট নম্বরে ব্যাটিংয়ে নামা আকরাম। জয়সওয়ালের ইনিংসটির শুরু আগের দিন। দিনের শেষ ভাগে তিনি ১০৪ রান করে অবসর নেন অসুস্থতায়। গতকাল চতুর্থ দিনে শুবমান গিল ৯১ রান করে আউট হওয়ার পর আবার ব্যাটিংয়ে নামেন জয়সওয়াল। দেড়শ ছোঁয়ার সময় তার ছক্কা ছিল ৭টি। পরে টানা তিনটি ছক্কা মারেন তিনি টেস্ট ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসনকে। অ্যান্ডারসনের ১৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তাকে টানা তিনটি ছক্কা মারতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ভারতের হয়ে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। আগের টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ২০৯ রান। ভারতের হয়ে আগে এই কীর্তি আছে বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির।
