রিসেট

ঘুরে দাঁড়ানোর লড়াই সাইফউদ্দিনের

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, চট্টগ্রাম থেকে

নাজমুল হোসেন শান্ত এখন জাতীয় দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক। মেহেদী হাসান মিরাজ লাল সবুজের জার্সিতে দেশের সেরা ক্রিকেটারদের একজন। জাতীয় দলের অটো চয়েজই বলা যায়। অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা এই প্রতিভাবান ক্রিকেটাররা এখন টাইগার শিবিরে রাজত্ব করছেন। ২০১৬ যুব বিশ্বকাপে একসঙ্গে খেলা তাদেরই সতীর্থ  পেসার মোহাম্মদ সাইফউদ্দিন লড়াই করছেন জাতীয় দলে ফিরে আসার। সুযোগ পাননি এমনটাও নয়, কিন্তু তা ধরে রাখতে পারেননি। পেস বোলিং অলরাউন্ডার তার প্রভাব রাখতে পারেননি সুযোগ পেয়েও। তাই ক্যারিয়ার জুড়ে আসা যাওয়ার লড়াই। কখনো ইনজুরি তো কখনো ফর্মের কারণে বাদ পড়েন। তবে সবকিছুর পর হাল ছাড়েননি। লম্বা ইনজুরি ও ফর্মহীনতা  কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) মাঝপথে ফিরেছেন সাইফউদ্দিন।  খেলছেন ফরচুন বরিশালের হয়ে। ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারে যতটা স্ট্রাগল করতে হয়েছে তার এখন হারানোর কিছু নেই। তবে যতটা সময় আছে সেই সুযোগটা কাজে লাগাতে চান তিনি। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ানো চেষ্টা করে, সাইফুদ্দিন এখন তাই করছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার তো আর হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু ছিল। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমন নিজের সেরাটা দিয়ে সামনে এগিয়ে যেতে হয় আমিও ওই চিন্তা ভাবনা নিয়েই মাঠে নেমেছি। যদিও আমি আমার সেরাটা দিতে পেরেছি কিনা জানি না। তবে চেষ্টা করছি আরও ভালো করতে নিজের সেরাটা দিয়ে দলকে সামনে নিয়ে যেতে।’ 
এবারের বিপিএলের শুরুর দিকে সাইফউদ্দিন খেলতে পারেননি বিসিবি’র ছাড়পত্র না পাওয়ায়। পরে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ রান দিয়ে ১ উইকেট পান তিনি। ওই ম্যাচে ২ চার ও সমান ছক্কায় ১৮ বলে ৩০ রান করেন সাইফউদ্দিন।   পরের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে নেন তিন উইকেট। সর্বশেষ ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন। এর আগে ব্যাট হাতে ৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।  নিজের ব্যাটিং নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে বিগত কয়েকমাস ধরে ব্যাটিং নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করেছি। মাস্কো ক্রিকেট একাডেমিতে গিয়ে সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করেছি, মিরপুরে যখন ছিলাম কোচ বাবুল স্যারের সঙ্গে কাজ করেছি, মেশিনে ব্যাটিং করেছি। হয়তো ওইটার একটা কারণ হতে পারে।’ মানুষের অনেক সময় নাকি শেষ আশ্রয় হয় বন্ধু। অনূর্ধ্ব-১৯ দলে এক সঙ্গে খেলার সুবাদে শান্তর সঙ্গে দারুণ বন্ধুত্ব সাইফউদ্দিনের। হয়তো সেই কারণেই আশায় বুক বেঁধেছেন। এখন তার আশা, জাতীয় দলে ফেরার জন্য সমর্থন পাবেন অধিনায়ক শান্তর কাছ থেকে। গতকাল ফরচুন বরিশালের অনুশীলন শেষে তিনি বলেন, ‘গতকালকে ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক খুশি কারণ সেই বাল্যকাল থেকে বয়সভিত্তিকে খেলে আসছি, দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি। আমাকে ও ভালো বুঝবে। ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক, বোলিং হোক করে দেখিয়েছি। আমার বিশ্বাস ও আমাকে সমর্থন দেবে দলে ফেরার ক্ষেত্রে।’ তবে শুধু যে আশা করে বসে থাকলে হবে না! নিজের সেরাটা দিয়ে ফের প্রমাণও করতে হবে। বাস্তবতা জেনেই সাইফউদ্দিন বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার। যেহেতু বোলিং করা নিষেধ ছিল তাই ব্যাটিং নিয়ে কাজ করেছি। আসলে অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। একটা দুইটা ম্যাচ দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই। আরও যদি সুযোগ পাই আরও বড় দলের সঙ্গে যদি করতে পারি তখন আসলে বুঝবো কতটা উন্নতি হয়েছে।’
এই ক্রিকেটারের জীবনে ইনজুরি যেন বড় শত্রুর মতো। যতটা এগিয়ে যেতে পারতেন ততোটাই পিছিয়ে গেছেন নানা সময়ে চোটের কারণে। দীর্ঘ দিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফিরেছেন মাঠে। কয়েকদিন আগে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে নেই সাইফউদ্দিন। দল ঘোষণার আগে অবধি সেভাবে খেলাতেই ফেরেননি এই অলরাউন্ডার। এখন তার আশা, শ্রীলঙ্কা সিরিজে না হলেও পরে জাতীয় দলে ফেরার। তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি ইনজুরি থেকে উঠে এসেছি তাই হয়ত শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখেনি। আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়ত বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করবো, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবো।’