হকি টার্ফে তাকে বলা হতো বাজপাখি। স্টিকের কৌশলে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত ছিলেন পাকিস্তানের শাহবাজ আহমেদ। ঢাকায় খেলেছেন মোহামেডানের হয়ে। সর্বশেষ ফ্রাঞ্চাইজি হকিতে কোচ ছিলেন মোনার্ক পদ্মা দলের। আরও একবার ঢাকায় দেখা যেতে পারে হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজকে। আসন্ন হকি প্রিমিয়ার লীগে মোহামেডানের উপদেষ্টা হিসাবে আসতে পারেন ৫৫ বছর বয়সী সাবেক এই হকি তারকা। পাকিস্তানি তারকা মোহাম্মদ আসিমকেও আনার চেষ্টা করছে সাদা-কালো শিবির। এই দুজনের ভিসার জন্য পাকিস্তানের করাচি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে চিঠিও দিয়েছেন মোহামেডানের কর্মকর্তারা। ১৯৯৪ সালে সিডনিতে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করান শাহবাজ। ১৯৯২ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক গেমসে নিজ দেশকে ব্রোঞ্জ জেতান। ১৯৯৪ থেকে ’৯৬, তিন মৌসুম ঢাকার লীগে খেলেন জায়ান্ট ক্লাব মোহামেডানের হয়ে। ২০২২ সালে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হকির ফ্রাঞ্চাইজি লীগে মোনার্ক পদ্মায় কোচ হিসাবে কাজ করেছেন। তবে প্রিমিয়ার হকিতে এবারই কোনও ক্লাবের হয়ে প্রথমবার ঢাকায় আসতে পারেন শাহবাজ। মোহামেডানের হকি সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘শাহবাজ আহমেদকে উপদেষ্টা ও জার্মান কোচ পিটার গেরহার্ডকে কোচ হিসাবে আনার জন্য কথা হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে ভিসা প্রাপ্তি সাপেক্ষে। এছাড়া আমরা ইউরোপ থেকে খেলোয়াড় আনার চেষ্টা করছি।’
