রিসেট

মরুভূমির তপ্ত রোদ বাধা হতে পারেনি শাকিলের ক্রিকেট স্বপ্নে

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৪ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ

টেপ টেনিসে পাড়া-মহল্লাতে ক্রিকেট খেলার নেশা পেয়ে বসে সালাউদ্দিন শাকিলকে। স্কুল ফাঁকি দিয়ে মুন্সীগঞ্জের পাড়া-মহল্লার ক্রিকেটটাই যেন তার জীবন হয়ে ওঠে। কিন্তু বাস্তবতা যে বড় কঠিন। পাঁচ বোন আর দুই ভাই নিয়ে সংসার। বাবার যা আয় তাতে জীবন চালানো কঠিন। তাই ক্রিকেট বল হাতে তোলার আগেই পাড়ি জমান দুবাইয়ে। ২০০৫, এর কথা মরুভূমির তপ্ত রোদ, দুবাইয়ের অসহনীয় গরমে তিনি সেখানে কাজ শুরু করেন একজন নির্মাণ শ্রমিকের। পরিবারের দায়িত্ব জীবনযুদ্ধে সেখানেই কাটে পাঁচ বছর। কথায় আছে না ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে! শাকিলের ক্রিকেট জীবনটাও ঠিক তেমনই। সেখানকার পাকিস্তানি শ্রমিকদের সঙ্গে কংক্রিটের রাস্তায় ক্রিকেট খেলাটা চালিয়ে যান। তবে ধীরে ধীরে শরীরে রোগ বাসা বাঁধতে শুরু করে। ফিরে আসেন বাংলাদেশে। ফিরে এসেও জীবনযুদ্ধের লড়াইয়ে কিন্তু এবার তিনি  বেছে নিলেন ক্রিকেট। টেপ টেনিস ছেড়ে তুলে নিলেন ক্রিকেট বল। কখনো শুধু পকেট খরচে, আবার কখনো নেট বোলার হয়ে দেখতে শুরু করেন দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলার। হ্যাঁ, যার ক্রিকেট স্বপ্ন মরুভূমির প্রচণ্ড চাপ দমাতে পারেনি সেখানে কে তাকে ঠেকাবে! তার মতে আল্লাহর ইচ্ছা আর বন্ধু, কোচদের প্রচণ্ড সহযোগিতায় খেলার সুযোগটা এসে যায় ঢাকা প্রিমিয়ার লীগে। প্রাইম দোলেশ্বরের হয়ে সে বছর পাঁচ ম্যাচ খেলার সুযোগ পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই পেসারের। এ বছর খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দলের হয়ে নিজেদের অষ্টম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সুযোগ হয়। বল হাতে পেয়েছেন মাত্র দুটি ওভার। সেখানে নিজের শেষ ওভারেই তুলে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উইকেট। হ্যাঁ, প্রথমবার দেশের অন্যতম সেরা ক্রিকেটারের এই উইকেটটাই এখন তার ক্রিকেট যাত্রার একটি মাইল স্টোন- আরও উদ্যম নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। দৈনিক মানবজমিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন নির্মাণ শ্রমিক থেকে ক্রিকেটার হওয়ার গল্প আর এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা। সেই কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো- 

দুবাইয়ে কাজ করেছেন একজন নির্মাণ শ্রমিক হিসেবে তাও পাঁচ বছর সেখান থেকে এসে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। এমন কঠিন জীবনযুদ্ধেও কীভাবে ক্রিকেট স্বপ্ন বাঁচিয়ে রাখলেন?
শাকিল: দুবাইয়ে যখন কাজ করতাম তখন সেখানে অনেক পাকিস্তানি শ্রমিকও ছিল। ওরা অবসর সময়টাতে শুধু ক্রিকেট খেলতো। কংক্রিটের রাস্তাতে কাঠের উপর স্টাম্প রেখে খেলা হতো। আমি ওদের সঙ্গে খেলা শুরু করি। টেপ টেনিসের চেয়ে একটু শক্ত বল। দুই/ তিনদিন আমার খেলা দেখে ওরা আমাকে নিয়মিত দলে নিতো। আমিও ওদের মতো করে অবসরের সময়টাতে ক্রিকেটই খেলা শুরু করি। কারণ যখন দেশে ছিলাম এই ক্রিকেটের নেশাটাই ছিল আমার জীবন। আমার বাবা চিকিৎসক ছিলেন, গ্রামেই তিনি রোগী দেখতেন। আমার ভাই, ভাবি বোনরা সবাই পড়ালেখা করতো। কিন্তু আমি টেপ টেনিসের ক্রিকেট খেলার জন্য স্কুল ফাঁকি দিতাম। তাই এসএসসি পরীক্ষাটাও দেয়া হয়নি। কিন্তু এই ভাবে তো জীবন চলতো না তাই দুবাইয়ে চলে যাই। কিন্তু ক্রিকেটের নেশা আমার এক বিন্দুও কমেনি। তাই যখন দেশে ফিরে আসি তখন ক্রিকেটটাকে জীবন হিসেবে বেছে নেই। ২০১০-এ এসে বুঝতে পারি ভালো খেলতে পারলে এখানেও উপার্জন সম্ভব। তাই কাঠের বলে খেলার জন্য ব্যাকুল হয়ে ঘুরতে শুরু করি। অবশেষে বন্ধু মেহরাম হোসেন জোশির সহযোগিতায় নারায়ণগঞ্জে কোচ রসুল স্যারের সঙ্গে কাজ শুরু করি। আমার মনে হয়েছে দুবাইয়ে এমন কঠিন জীবন যেখানে আমার ক্রিকেট স্বপ্ন থামাতে পারেনি। নিজ দেশে তো কিছু করতে পারবোই।

কীভাবে ক্রিকেট বলে খেলা শুরু করলেন?
শাকিল: উনার (গোলাম রসুল স্যার) হাত ধরে ২০১২ সালে আমি ক্রিকেট বলে খেলা শুরু করি। একই বছর সুযোগ পাই তৃতীয় বিভাগে। সেখান থেকে দ্বিতীয় বিভাগ, পরে প্রথম বিভাগের ক্লাব র‌্যাপিড ফাউন্ডেশনে তিন বছর।’ তৃতীয় বিভাগে খেলার মতো কোনো স্পাইক ছিল না তার। বন্ধু জোশিই ছিলেন তখন একমাত্র ভরসা; তার স্পাইক দিয়েই শুরু হয় প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা। পাঁচ হাজার টাকা ঈদ বোনাস ও মৌসুম শেষে এক জোড়া স্পাইক এটাই ছিল তৃতীয় বিভাগে খেলার প্রাপ্তি।

ঢাকা প্রিমিয়ার লীগে কীভাবে খেলার সুযোগ হলো?
শাকিল: ২০১৭ সালে খেপের খেলা রেখে বন্ধুর ডাকে গিয়েছিলেন ফতুল্লায় প্রিমিয়ার লীগের দল প্রাইম দোলেশ্বরের অনুশীলনে। প্রথম দিনই ক্লাবটির তখনকার খেলোয়াড় ফরহাদ রেজা, কোচ মিজানুর রহমান বাবুলের চোখে ভালো লাগে আমার বোলিং। দু’দিনের নেট সেশনে সুযোগ দেন প্রাইম দোলেশ্বরে খেলার। এরপর একই বছর রাজশাহী বিভাগের হয়ে বাংলাদেশ ক্রিকেট লীগে অভিষেক আমার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সুযোগটা কীভাবে দেখছেন?
শাকিল: আমি বঙ্গবন্ধু বিপিএলে খেলেছিলাম। এরপর শেষ আসরে আর খেলার সুযোগ হয়নি। এবার চট্টগ্রাম আমাকে সুযোগ করে দিয়েছে। এখানে এসে আমি শুরুতে খেলার সুযোগ না পেলেও যেমন একটি পরিবার পাই। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেক ক্রিকেটার যেন এখানে পরিবারের মতো। বিশেষ করে দলের মালিক এতটাই স্বাধীনতা দেন যে আত্মবিশ্বাসটা দ্বিগুণ হয়ে যায়।

প্রথমবার সুযোগ পেয়েই সাকিব আল হাসানের উইকেট কতোটা আত্মবিশ্বাস বাড়িয়েছে?
শাকিল: আমার ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার সাকিব ভাইয়ের উইকেট পেলাম। তাও পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় বল করে। এমন একজন ক্রিকেটারের উইকেট পাওয়া বলবো একটি মাইলস্টোন। 

এখন লক্ষ্য কি?
শাকিল: প্রত্যেক ক্রিকেটারের একটাই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা সেটাই দেখি। তবে তার জন্য নিজের কাজ ঠিকভাবে করে যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।