ব্যক্তিগত ও পারিবারিক সফরে জার্মানি গেলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল রাতে তার দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন ও তার পারিবার। গত ২৮শে ডিসেম্বর বাইপাস সার্জারি হয় সালাউদ্দিনের। এরপর চিকিৎসকের নির্দেশনায় তিনি বাসায় খানিকটা নিভৃতেই ছিলেন। কয়েক সপ্তাহ বাসায় থাকার পর কিছুদিনের জন্য জার্মানিতে গেলেন বাফুফে বস। জার্মানিতে সালাউদ্দিনের একমাত্র মেয়ে সারাহজিন থাকেন। শ্বশুরকে নিতে ঢাকায় এসেছিলেন সারাহজিনের স্বামী। এরপর জামাই-শ্বশুর একসঙ্গে জার্মানি গেলেন। বাফুফে সভাপতি পেশাগত ও ব্যক্তিগত কারণে বিশ্বের অনেক দেশে গিয়েছেন। ঘন ঘন দেশের বাইরে গেলেও এক সপ্তাহের বেশি সময় তিনি থাকেন না। সাম্প্রতিক সময়ের সফরগুলোতে ২-৩ দিনের মধ্যেই দেশে ফিরতেন। এবার প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। শারিরীক পরিস্থিতির পর্যবেক্ষণ ও আরেকটু বিশ্রামের জন্য জার্মানিতে চার সপ্তাহের মতো সময় থাকতে পারেন সালাউদ্দিন। ২০০৮ সালের গঠনতন্ত্র অনুযায়ী বাফুফে সভাপতি নির্ভর সংগঠন। সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা। যদিও সালাউদ্দিন যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দিয়ে যাননি বলে জানা গেছে।
