রিসেট

বর্ণিল উচ্ছ্বাসে বসন্ত বরণ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

পুষ্পে ভরা কাননে পক্ষধরের ডাক শোনা না গেলেও বসন্ত ঠিকই এসেছে। পুরনো পাতা ঝেড়ে নয়া পত্র-পল্লবে সাজছে বৃক্ষরাজি। প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া। তাইতো মন আজ উচাটন। নানা রঙে নানা ঢঙে নগরবাসী মেতেছে বসন্ত উৎসবে। গাইছে, ‘বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে/ তাই বুঝি বারে বারে, কুঞ্জের দ্বারে দ্বারে, শুধায়ে ফিরিছে জনে জনে॥’ গতকাল ছিল ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বরাবরের মতো এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্তের বাদ্য বেজেছে। দিবসটি উদ্যাপনে কণ্ঠ-নৃত্যশিল্পী ও যন্ত্রীদের ছিল নানা পরিবেশনা। বিশ্ব ভালোবাসা দিবস বলে ফাগুনের প্রথম দিন আরও রঙিন। তাইতো চারুকলায় হাজির হয়েছেন তরুণ-তারুণী, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। লাল-হলুদের বর্ণিল পোশাকে সেজেছেন তারা। চারুকলা থেকে শাহবাগ, টিএসসি, বটতলা, শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, কার্জন হল- সব জায়গায় চষে বেড়িয়েছেন বসন্তপ্রেমীরা। গেয়েছেন ফাগুনের গান- ‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ॥’ নগরে বসন্তের যে রঙ লেগেছে তা আরও রাঙিয়ে তুলেছে বিশ্ব ভালোবাসা দিবস বলে। সঙ্গে যোগ হয়েছে অমর একুশে বইমেলা ও সরস্বতী পূজা। তাইতো সকালের বসন্ত বরণ শেষে দুপুরে জগন্নাথ হলে সরস্বতী পূজায়, আর বিকালে সবাই ছুটেছেন অমর একুশে বইমেলায়। এদিন ছোট-বড় সকলের পরনে শোভা পায় বসন্ত ও ভালোবাসার পোশাক লাল-হলুদ। তরুণীর খোঁপায় শোভা পায় ফুলের তোড়া। কারও কারও হাতে তোড়া আর মাথায় গুঁজেছেন টায়রা। হাতে চুড়ি, কপালে টিপ আর মুখে আঁকা আল্পনায় ফুটে তুলেছেন বাঙালিয়ানা। পুরুষরা পরেছেন লাল-হলুদ পাঞ্জাবি। 

ভালোবাসা দিবস বলে প্রেয়সীর হাত ধরে একে অপরে হেঁটেছেন অনেক পথ। আর গুনগুনিয়ে গাইছেন- ‘তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে/ তোমার ঝাউয়ের দোলে, মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥’ বরাবরের মতো বসন্ত বরণের বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। ‘জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ’ এর আয়োজন করে থাকে। এতে অংশ নেন ১০টির বেশি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। শুরুতে সেতারে ‘বসন্ত মুখারী’ রাগ বাজিয়ে শোনান শিল্পী জ্যোতি বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে গান, নাচ, আবৃত্তি ও বসন্ত কথনে মেতে ওঠে উৎসব প্রাঙ্গণ। বসন্ত কথন পর্বে ‘উদ্যাপন পরিষদ’ এর সভাপতি সফিউদ্দিন আহমদ বলেন, বসন্ত উৎসব মূলত মিলনের উৎসব। বসন্ত আমাদের জনজীবনে পালন হয়ে আসছে অনেক বছর ধরে। আমরা এটিকে একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছি কেবল। এবার ভালোবাসা দিবসও একইদিনে এসে মিলেছে। দুটি একই রকমের উৎসব। ফলে এ দুই উৎসবের মধ্যদিয়ে আমরা বসন্ত বরণ করছি। এ উৎসবে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন ভাবনা, ধৃতি, নৃত্যম, বহ্নিশিখা, নৃত্যাক্ষ্য, স্পন্দন, কত্থক নৃত্য সম্প্রদায়সহ বিভিন্ন নাচের দলের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন অনিমা মুক্তি গোমেজ, বিমান চন্দ্র বিশ্বাস, বুলবুল ইসলামসহ অনেকে।

 আয়োজনে ছিল সাঁওতাল ও চাকমা নাচ। বসন্ত আবাহন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আবৃত্তি পরিবেশন করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। সমবেত সংগীত পরিবেশন করেছে সত্যেনসেন শিল্পী গোষ্ঠী ও সুরের ধারা। অনুষ্ঠান শেষ হয় বসন্ত আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে। চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শোভাযাত্রা চারুকলায় ফিরে শেষ হয়। শোভাযাত্রার আগে ছিল রাখিবন্ধন উৎসব। বিকালের পর্বে বেঙ্গল পরম্পরার যন্ত্রসংগীত পরিবেশনার পর ছিল গান, নাচসহ নানা পরিবেশনা। প্রতি বছরের মতো এবারো একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেক সংলগ্ন মাঠে ‘বসন্ত উৎসব-১৪৩০’ এর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বসন্ত উদ্যাপনের এদিন তরুণ প্রাণ দুপুরে ছুটে গেছে জগন্নাথ হলে। সেখানে সরস্বতী পূজার বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন তারা। বিকালে অমর একুশে বইমেলায় ছুটেছেন সকলে। মেলা যেন পূর্ণতা পেয়েছে। যদিও এবার নগরে মেট্রোরেল যুক্ত হওয়ায় শুরু থেকেই পাঠক-লেখক-দর্শনার্থীদের ভিড় ছিল। কিন্তু গতকাল সেটি অন্য দিনের উপস্থিতির সংখ্যাকে ছেড়ে গেছে। হাজার হাজার দর্শনার্থী মেলায় হাজির হয়েছেন বর্ণিল পোশাকে। স্টলে স্টলে ঘুরছেন প্রিয় লেখকের বইয়ের খোঁজে। পছন্দ হলেই কিনে নিচ্ছেন। বসন্ত ও ভালোবাসা দিবস বলে একে অপরকে বই উপহার দিতেও দেখা গেছে। প্রেয়সীকে দেয়া নতুন বইয়ে লিখেছেন- ‘ভালোবেসে সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে।’