ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনন্য এক উদ্যোগ নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ভাষার মাস ফেব্রুয়ারিতে দলটির প্রথম ম্যাচে খেলোয়াড়রা বাংলায় নিজের নাম ও নম্বর লেখা জার্সি গায়ে খেলতে নামে। আগের দিন বিশেষ এই জার্সি উন্মোচন করেন ভাষা সৈনিক মোহাম্মদ আব্দুল আজিজ। মাঠের খেলায় দুর্দান্ত ঢাকাকে হারিয়ে উপলক্ষটা আরও রাঙালো দলটি। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকার বিপক্ষে ১৫ রানে জয় পায় মাশরাফিবিহীন সিলেট স্ট্রাইকার্স। আসরে ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় দেখলো তারা। টানা ৫ হারের পর নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রাজনৈতিক ব্যস্ততায় এই ম্যাচের আগে বিপিএল থেকে বিরতি নেন।
সিলেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাশরাফির জায়গায় নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ফিফটি আর আরিফুল হকের শেষের ঝড়ে ১৪২ রান করে সিলেট। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১২৭ রানে থামে ঢাকার ইনিংস। সর্বোচ্চ ২৭ রান করেন ৯ নম্বরে ব্যাটিংয়ে যাওয়া তাসকিন আহমেদ। চলতি আসরে ৫ ম্যাচে এটা ঢাকার চতুর্থ হার। ৩০ রান খরচায় ৪ উইকেট নেওয়া সিলেটের জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভা ম্যাচসেরা নির্বাচিত হন। এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে ৬ নম্বরে উঠে এলো সিলেট। আর ঢাকা নেমে গেল তলানিতে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। ১৯ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সায়েম আইয়ুব। এরপর অ্যালেক্স রস ও এই ম্যাচেই একাদশে ফেরা সাইফ হাসান মিলে শুরুর চাপ সামলান। দুজনে মিলে গড়েন ৩১ রানের জুটি। কিন্তু রানের গতি বাড়েনি খুব একটা। প্রথম ৬ ওভারে ঢাকার স্কোরবোর্ডে জমা হয় ৩৯ রান।
দলীয় ৫০ রানে ১৭ রান করা সাইফ রানআউট হলে ভাঙে তাদের জুটি। ২ রানের ব্যবধানে ফেরেন রসও। ১৮ বলে ২০ রান করা এই অজি ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন সিলেটের পেসার রেজাউর রহমান রাজা। ইরফান শুক্কুর ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও বিদায় নেন দ্রুত। তারা কেউ দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। শেষদিকে তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের ক্যামিওতে শুধু হারের ব্যবধানই কমাতে পারে ঢাকা। যদিও সেটাই ঢাকার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। ঢাকার বাঁহাতি স্পিনার শরিফুল ইসলামকে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন শামসুর সহমান শুভ। পুরো টুর্নামেন্ট জুড়ে রানের জন্য ধুকতে থাকা নাজমুল হোসেন শান্ত এদিনও ব্যর্থ। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন ১২ বলে মাত্র ৩ রান। এবারের আসরে ৬ ইনিংসে তার মোট রান ৭২। টানা চার ইনিংসে আউট হলেন তিনি দুঙ্ক ছোঁয়ার আগে।
পরের বলে জাকির হাসানের স্টাম্প উপড়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন শরিফুল। ইতিমধ্যে চলতি আসরে একটি হ্যাটট্রিক করা এই বাঁহাতি পেসার অবশ্য গতকাল হ্যাটট্রিক করতে পারেননি। তবে ঠিকই সিলেটের টপ অর্ডার ধ্বসিয়ে দেন। তার তোপের মুখে প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান তুলতে পারে সিলেট।
চলতি আসরে প্রথম অধিনায়কত্ব করতে নামা মোহাম্মদ মিঠুনকে নিয়ে শুরুরু চাপ সামলান তিন নম্বরে নামা সামিত প্যাটেল। তবে শুরুর ধাক্কা সামলে আচমকা অতি আগ্রাসি হতে গিয়ে উইকেট ছুড়ে আসেন তিনি। দলীয় ৭০ রানে ফেরার আগে ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার।
এরপর রায়ার্ন বার্ল ও বেনি হাওয়েল দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন মিঠুন। যদিও শুরুতে সময় নেন। এক পর্যায়ে তার রান ছিল ১৫ বলে ৮। নবম ওভারে আরাফাত সানিকে টানা দুই বলে ছক্কা ও চারে খোলস ছেড়ে বের হন তিনি। পরের ওভারে ছক্কা ও চারে মোসাদ্দেক হোসেনকে।
৩৬তম বলে ফিফটি পূর্ণ করা মিঠুনের ব্যাট থেকে এদিন আসে ৪৬ বলে ৫৯ রান। যেখানে ছিল ৪ চার ও ৩টি ছক্কা। তবে শেষদিকে সিলেটকে লড়াই করার পুঁজি এনে দেন মূলত আরিফুল হক। মাত্র ৯ বলে ৩ ছক্কায় ২১ রানের ক্যামিও খেলেন এই অলরাউন্ডার। আর তাতেই সিলেটের সংগ্রহ ১৪০ পেরোয়। ঢাকার হয়ে ২৪ রান খরচার ৪ উইকেট নেন শরিফুল।
