রিসেট

বিলালের অন্তরে মুশফিক-মাহমুদউল্লাহ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, সিলেট থেকে

২০১৬, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম বল করে কোনো উইকেট পাননি বিলাল খান। কিন্তু ২০২১ বিশ্বকাপে টাইগারদের টিকে থাকার স্বপ্ন যে ধুলিসাৎ করতে বসেছিলেন। ৬ রানে লিটন দাসকে ফিরিয়ে ওমানকে প্রথম উইকেট উপহার দেন। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে টাইগারদের বড় বিপদে ফেলে দেন।  যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের মান রক্ষা হয় স্কোর বোর্ডে জমা পড়ে ১৫৩ রান। ছোট লক্ষ্যে জবাব দিতে নেমে মাত্র ২৬ রানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এখনো বিলালকে সেই হার পোড়ায়, জিতলেই টাইগারদের বিদায় করে খেলা হতো দুবাইয়ের মূল পর্বে। পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেয়া এই পেসার এখন পুরুদস্তর ওমানি ক্রিকেটার। তিনি এখন ওমানের পেস বোলিংয়ের হৃদপিণ্ড। হবেন না কেন! নিজের দেশের হয়ে খেলার স্বপ্ন ওমান তাকে পূরণ করে দিয়েছে। দেশান্তরি হয়ে অবশ্য তার মনে একটু কষ্ট থাকলেও নেই হতাশা। জানিয়েছেন, এটাই রিজিক আল্লাহ হয়তো তার জন্য এটাই লিখে রেখেছিলেন। প্রথম বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সুযোগ হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এসেই ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে উইকেট শিকারীদের তালিকাতে দ্বিতীয় অবস্থানে। চ্যালেঞ্জার্সের জয়েও রাখছেন দারুণ অবদান। দৈনিক মানবজমিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ক্রিকেট ও এগিয়ে যাওয়ার লক্ষের কথা। সেই কথপকথনের মূল অংশ তুলে ধরা হলো-

বাংলাদেশের বিপক্ষে ২০২১ বিশ্বকাপের সেই হার এখনো মনে পড়ে কিনা?
বিলাল: বিশ্বকাপের মূল পর্বে খেলা ছিল আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য। কিন্তু বাছাই পর্বে বাংলাদেশ ছিল কঠিন প্রতিপক্ষ। কিন্ত আমাদের ঘরের মাঠে বিশ্বাস ছিল জিতবো। আমরা তাদের ১৫৩ রানে আটকে দেই। আমি প্রথম উইকেট পাই। পরে আরও দু’টি তুলে নিয়েছি। ভেবেছিলাম জয়টাও আসবে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ব্যাটসম্যানরা পারেনি। সাকিব আল হাসান বল হাতে সব এলোমেলো করে দেয়। আমি এখনো সেই দিনটি ভুলতে পারিনি। ভেবেছিলাম আমার অবদানটা মনে রাখবো জয়ের স্মৃতি নিয়ে। হারলেই আমরা কোয়ালিফাই করতাম তাও বাংলাদেশকে বিদায় করে। 

বাংলাদেশ ও ওমানের ক্রিকেটের পার্থক্য কি? 
বিলাল: বাংলাদেশ ও ওমান ক্রিকেটের মধ্যে এখনো আকাশ-পাতাল পার্থক্য। আমরা এখনো আইাসিসি’র সহযোগী দেশ আর তারা টেস্ট খেলছে কতো বছর ধরে। ক্রিকেট কাঠামো, ক্রিকেটার সবই আমাদের চেয়ে আনেক এগিয়ে। তবে আমরাও এখন দারুণ ক্রিকেট খেলছি। বড় বড় দলকে হারাতে শিখেছি। চ্যালেঞ্জ নিতে শিখেছি। আশা করি আমাদের এই পরিশ্রম একদিন ওমানের জন্য দারুণ কিছু বয়ে আনবে।

বিপিএলে প্রথমবার সুযোগ হয়েছে খেলার। এখনকার উইকেট ও ক্রিকেট পরিবেশ কেমন লাগছে?
বিলাল: আমি প্রথম বাংলাদেশে আসি এশিয়া কাপ খেলতে। এটি আমার দ্বিতীয় সফর। বিপিএলে প্রথম খেলছি। এখনকার উইকেট, স্টেডিয়ামগুলো দারুণ। আমিও সুযোগ পেয়ে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছি। যদি আবার সুযোগ পাই আমি আসবো। এখনকার সবচেয়ে বড় বিষয় সবাই দারুণ সাপোর্ট করে। মাঠে দর্শকরা আমার নাম ধরে ডাকে এটা আমার খুব ভালো লাগে যে তারাও আমাকে চিনে। 

বাংলাদেশের কোন ক্রিকেটার আপনার প্রিয়?
বিলাল: সবাইকেই ভালো লাগে, সাকিব আল হাসান তো লিজেন্ড ক্রিকেটার। কিন্তু দুজন মানুষ আমার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। তারা হলেন মুশফিকুর রহীম ও মাহমুদল্লাউল্লহ রিয়াদ। এই দু’জন ব্যাটসম্যানকে বল করতেও ভালো লাগে। 

পাকিস্তান ছাড়ার কারণ কী?
বিলাল: আমার জন্ম পাকিস্তানের পেশোয়ারে। সবারই স্বপ্ন থাকে দেশের হয়ে ক্রিকেট খেলার। আমরা বছরে একটা করে প্রথম শ্রেণির ম্যাচ পেতাম। এক সময় মনে হয়েছে আমার খেলা বন্ধ হয়ে যাবে। এরপর ওমান যাওয়ার সুযোগ আসে। 

ওমান কীভাবে গেলেন?
বিলাল: মোহাম্মদ শেহজাদ আমাকে জানায় ওমানে পেসার লাগবে। যদি ইচ্ছা থাকে চলে আসেন। এরপর আমি সিদ্ধান্ত নেই। এ জন্য ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং আমার কোচকে অনেক ধন্যবাদ। 

নিজের দেশ পাকিস্তানের হয়ে খেলতে না পারার কোনো দুঃখ আছে?
বিলাল: না, দেশ ছাড়ার কষ্ট থাকলেও আল্লাহ হয়তো সেখানে আমার রিজিক লিখে রেখেছিলেন। এই জন্যই আমি সেখানে ভালো করছি, ভালো খেলছি। আমি ওমানের হয়ে খেলতে পেরে গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ ভালো চলছে সব। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কেমন লাগছে?
বিলাল: দারুণ একটা দল। এখানে সবাই ফ্রেন্ডলি। পরিবেশ খুব ভালো। আমি যে বাইরের কেউ এটা বুঝতেই পারছি না। সবাই খুব আপনভাবে নিয়েছে। আমি গর্বিত। এখন পর্যন্ত আমি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। টুর্নামেন্ট শেষেও এটা হতে চাই। 

আপনার লক্ষ্য কি? 
বিলাল: আমার বয়স এখন ৩৫। আমি খুব পরিশ্রম করি। ফিটনেস নিয়ে খুব কাজ করি। যতদিন ফিটনেস থাকে খেলে যাবো। খেলার পর বোলিং কোচ হিসেবে কাজ করবো।