‘সাগর-রুনি হত্যা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশকে ৫০ বছর সময় দিতে হবে’ নিজের এমন মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটা বিতর্কের প্রশ্ন না। আমার কষ্ট হয়। আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদের ধরতে সবরকম চেষ্টা করেও সময় লাগে। আপেক্ষিকভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে। কিন্তু যারা এই অপরাধ করেছে তাদের ধরার জন্য যত সময় লাগুক তাদের আমরা ধরবো। এই কথাকে আপনারা মনে করেছেন যে, ৫০ বছর লাগবে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসল অপরাধিকে ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে বলা হয়, যে অপরাধিকে নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন ক্ষেপে। আমি বুঝলাম না ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপে যান কেন? আমি যেই কারণে সময়ের কথাটা বলেছি। পৃথিবীতে এ রকম অনেক মামলা আছে। ৪২ বছর পরে ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। আমেরিকায় কিছুদিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদ্ঘাটন করেছে। পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামিকে এখন পর্যন্ত তদন্তে ধরতে পারছে না। এজন্য তদন্তে সময় লাগছে।
এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী সোয়া ১০টায় আখাউড়া রেল স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি ২ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন। তিনি বিকালে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগদান করেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগদান করার কথা রয়েছে।
