রিসেট

চলে গেলেন হারুনর রশিদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

চলে গেলেন গুণী চলচ্চিত্র নির্মাতা হারুনর রশিদ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গেল ৬ই ডিসেম্বর রাতে ব্রেইন স্ট্রোক করলে হারুনর রশিদকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউ’তে রাখা হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই নির্মাতার। গতকাল বাদ জুমা বাড্ডা লিংক রোডের বাড়ির সামনের মসজিদে হারুনর রশীদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরে সমাহিত করা হয়। ১৯৭৬ সালে মুক্তি পায় হারুনর রশিদ পরিচালিত সিনেমা ‘মেঘের অনেক রং’। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকবাহিনীর হাতে লাঞ্ছিত নারীদের গল্পে এটি নির্মাণ করেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ। সিনেমাটির জন্য সে সময়ে সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হারুনর রশিদ। এ ছাড়াও তার পরিচালনায় ‘রূপবান’ ও ‘গুনাই বিবি’ চলচ্চিত্র দু’টি উল্লেখযোগ্য।