রিসেট

বাবার স্বপ্নপূরণ এবং আভিস্কার ‘বেবি লাক’

প্রকাশিত: ২৯ জানুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, সিলেট থেকে

মুখে মৃদু হাসিটা লেগেই থাকে আভিস্কা ফার্নান্দোর। কথা বলেন কম, আর ক্যামেরার সামনে আসতে যেন লজ্জা পান। কিন্তু ব্যাট হাতে ক্রিজে তিনি অন্যরকম! খুব বেশি দৌড়ে রান নেন না। দুই রান নেয়ার সুযোগ থাকলেও সেটির প্রতি আগ্রহ নেই। জায়গায় দাঁড়িয়ে বল চার বা ছয় বানাতেই যেন তার বেশি আরাম। ফরচুন বরিশালের বিপক্ষে ইনিংসটা তার ব্যাটিং চরিত্রের বড় প্রমাণ। ৫০ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার । ৫টি চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। এমন ইনিংসের রহস্য জানতে চাইলে মৃদু হাসলেন, একটু লজ্জা পেয়েই বললেন, ‘বেবি লাক’। হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে আগামী মাসের তৃতীয় সপ্তাহে তার অনাগত সন্তান দেখবে পৃথিবীর আলো। তার সেই খুশির রংটা যেন মুখে মিশে আছে লাজুক আভা নিয়ে। নিজের ক্রিকেট ক্যারিয়ার, আর ব্যক্তিগত জীবন নিয়ে আভিস্কা কথা বলেছেন দৈনিক মানবজমিনের সঙ্গে। সেই কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-

এমন একটা ইনিংস, রহস্য কী!
আভিস্কা: হুম আমার মনে হয় ‘বেবি লাক’! পৃথিবীতে আসার আগেই হয়তো আমার জন্য উপর থেকে সৌভাগ্যের বার্তা দিচ্ছে। হা, হা, হা, আমাকে আবার পাগল ভেবো না। আমি ওর মুখ দেখার অপেক্ষায়। আগামী মাসেই হয়তো আমি বাবা হবো আনন্দটা অন্যরকম।

সেঞ্চুরি হাতছাড়া হলো মাত্র ৯ রানের জন্য একটু কি আফসোস হচ্ছে?
আভিস্কা: আমাকে কি দেখে মনে হয়েছে আমি সেঞ্চুরির জন্য খেলছিলাম! আমার আসলে সেঞ্চুরির কথা মনেই ছিল না, তখন মাথায় ছিল যতটা সম্ভব দলের স্কোর বোর্ডে রান তোলা যায় সেই চিন্তা। আমি বাংলাদেশে আগেও বিপিএল খেলেছি। সিলেটে এইবারই খেললাম দারুণ উইকেট, একবার জীবন পাওয়ার পর মনে হয়েছে সুযোগটা কাজে লাগানো উচিত।

বাংলাদেশে তো আপনার বন্ধু অনেক। এরপরও মাঠে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেমন, বিশেষ করে ম্যাথিউজের ঘটনার পর...
আভিস্কা: মিরাজ, শান্ত তাদের সঙ্গে আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি। এখনও ভালো বন্ধুত্ব আছে। প্রায়ই কথা হয়। বাংলাদেশের অনেক ক্রিকেটার এলপিএল খেলতে যায়। আমরা এখানে আসি। এই কারণেও বন্ধুত্ব খুব ভালো। মাঠের বাইরে বন্ধু হলেও ভেতরে অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা কারণ সবার একটাই লক্ষ্য, ম্যাচ জিততে হবে। এজন্য কখনও কখনও উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় চলে আসে। তবে মাঠের বাইরে আবার সব ঠিক। সত্যি বলতে ম্যাথিউজের ঘটনার পর কিছু উত্তেজনা তো ছিলই। কথা হয়নি কারো সঙ্গে তা নয়। কিন্তু এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। 

কোনো রকম স্বীকৃত ক্রিকেটের অভিজ্ঞতা ছাড়াই আন্তর্জাতিক অভিষেক- বিষয়টা কেমন ছিল?
আভিস্কা: খুব খুশি ছিলাম। কারণ কোনো ধরনের লিস্ট ‘এ’ অথবা প্রথম শ্রেণির ম্যাচ না খেলে সরাসরি জাতীয় দলে খেলতে নেমেছিলাম। আমি কখনও ভয় পাই না। কারণ এটি আমার মূল লক্ষ্য। আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি জাতীয় দলে খেলছি। তো দারুণ মুহূর্ত ছিল।

আপনার হাতে মনে হয় বাবার ট্যাটু করা, এটা কেন?
আভিস্কা: বাবার কোলে আমি। এই ছবিটি আমি ট্যাটু করিয়ে রেখেছি। গত বছরের এপ্রিলে। আর এখন সামনের মাসে আমি নিজেই বাবা হচ্ছি। অসাধারণ অনুভূতি।

টেস্ট খেলা নিয়ে আপনার ভাবনা কী?
আভিস্কা: আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই। কারণ, টেস্ট ক্যাপ অনেক বড় বিষয়। এখন আমি নিয়মিতই প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। আমি আশা করি, সেসব ম্যাচে রান করে নিজেকে এগিয়ে রাখব। এরপর ভবিষ্যতে কী হয় দেখা যাক! 

ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে আপনি ১৩০-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। কিন্তু জাতীয় দলে ৩০টির বেশি ম্যাচ খেলেও একশ ছোঁয়নি স্ট্রাইক রেট। এর কারণ কী মনে হয়?
আভিস্কা:  আমি ওপেনিংয়ে খেলতে পছন্দ করি। কিন্তু জাতীয় দলে কিছু ম্যাচে ওপেনিংয়ে নেমেছি, কিছু ম্যাচে আবার চার নম্বরে। কখনও কখনও আমি দ্রুত আউট হয়ে গেছি। তাই আমার স্ট্রাইক রেট ও গড় কমেছে।