তৃতীয় দিনের শেষবেলায় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের ভয়ঙ্কর ইনসুইঙ্গিং ইয়র্কার পায়ের আঙ্গুলে আঘাত হানায় চোট পান ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ। সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে, রক্তাক্ত বুড়ো আঙ্গুল নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। তখন জানানো হয় এই টেস্টে আর বোলিং করতে পারবেন না শামার জোসেফ। তবে হার মানেননি তিনি। গতকাল ম্যাচের চতুর্থ দিন ঠিকই মাঠে ফেরেন, আর বিধ্বংসী এক স্পেলে গুঁড়িয়ে দেন অজি ব্যাটিং লাইনআপ। ২৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের বীরত্বে তাই আড়ালে পড়ে যান ৯১ রানের লড়াকু ইনিংস খেলা অস্ট্রেলিয়ান ওপেনার স্টিভ স্মিথ।
গতকাল ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রুদ্ধশ্বাস লড়াই শেষে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজ ১-১এ ড্র করলো ক্যারিবীয়রা। ১১.৫ ওভারে ৬৮ রান দিয়ে ৭ উইকেট নেন শামার জোসেফ। আগের ম্যাচে অভিষেকে পাঁচ উইকেট নেয়া এই পেসারই জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। দিবারাত্রির টেস্টে এটা অস্ট্রেলিয়ার প্রথম হার। এর আগে টানা ১১ ম্যাচ জেতে অজিরা। যদিও সবকটিই অজিরা খেলেছে ঘরের মাঠে। ১৯৯৭ সালের ১লা ফেব্রুয়ারি, কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে ও কোর্টনি ওয়ালশের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেছিলেন ব্রায়ান লারা। তখনও জন্ম হয়নি এই টেস্ট জয়ের নায়ক শামার জোসেফের, তারও দুই বছর পর পৃথিবীর আলো দেখেন তিনি। সেই জোসেফের ফাস্ট বোলিংয়ের অনন্য এক প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছরের অপেক্ষা শেষ হলো ক্যারিবিয়ানদের। ওই জয়ের ম্যাচে সেঞ্চুরি করা ব্রায়ান লারা ছিলেন এদিন ধারাভাষ্যকক্ষে। জয়ের পর তার চোখে দেখা যায় আনন্দাশ্রু। সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে তিন দিনের মধ্যেই হেরে গিয়েছিল ক্যারিবীয়রা। এই ম্যাচেও শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তবে কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ রানে অলআউট হলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ায় এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। ফলে জিততে হলে রেকর্ড গড়তে হতো তাদের। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অজিরা অবশ্য ভালোভাবেই রেকর্ড গড়ার পথেই ছিল। গতকাল দিনের শুরুটাই ভালো করে অজিরা, ২ উইকেটে ৯৩ রান তুলে ফেলে তারা। কিন্তু মাঠে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই গ্রিন ও হেডকে ফেরান শামার। আর ডিনারের আগে টানা ১০ ওভার বোলিং করে তুলে নেন ৬ উইকেট। এই সিরিজে ওপেনার হিসেবে শুরু করা স্মিথ টানা ৩ ইনিংসে ফেইল করার পর অবশেষে রান পান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১৪৬ বলে ৯১ রান করে।
