রিসেট

যুক্তরাজ্যের প্রাচীনতম সম্মানসূচক খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ পেলেন বাংলাদেশি

প্রকাশিত: ২৪ জানুয়ারি (বুধবার), ২০২৪ Archive 2022Source: আরিফ মাহফুজ, লন্ডন থেকে

যুক্তরাজ্যের প্রাচীনতম খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ সমাজসেবক সিলেটের ছেলে জামাল খান। লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে গত সোমবার  জামাল খানের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় তার পরিবারের সদস্য ও বৃটিশ বাংলাদেশি কমিউনিটির অনেক নামকরা মানুষ উপস্থিত ছিলেন।  সিটি অব লন্ডন করপোরেশন ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ খেতাব দিয়ে থাকে। ১২৩৭ সালে শুরু হওয়া এই সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু বৃটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল। ১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রানিমাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংসসহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হন। সম্মাননা পাওয়ার পর জামাল খান বলেন, এই সম্মান কমিউনিটির জন্য উৎসর্গ করলাম। বৃটেনের প্রাচীনতম এই সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমি কমিউনিটি উন্নয়নে যে কাজ করে গিয়েছি সেটা অব্যাহত রাখবো। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ শরীফ, শাহগীর বখত ফারুক, আব্দুল আহাদ চৌধুরী, আহবাব হোসেন, আনছার আহমদ উল্লাহ, আব্দুল বাছির, গোলাব আলী, ফয়জুর রহমান ফয়েজ, রোহেল আহমদ।  কমিউনিটি নেতা সুলতান মাহমুদ শরীফ বলেন, ‘জামাল খানের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা গর্বিত। পাশাপাশি বাঙালি হিসেবে এটি সবার জন্য গর্বের। তার অবস্থান থেকে তিনি নিশ্চয়ই বাংলাদেশের সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজ করে যাবেন।’ জামাল খান কমিউনিটির নানা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।