একটি রাজনৈতিক সফরে ঢাকায় এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার সুন হাইয়ান। বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠিত হওয়ার পর বিদেশি বন্ধু-উন্নয়ন সহযোগী কোনো রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত চীনা প্রতিনিধি বাংলাদেশে থাকছেন। সফরকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক হবে তার। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং জাতীয় সংসদ ঘুরে দেখবেন। দেখা করবেন স্পিকারের সঙ্গেও।
পররাষ্ট্র মন্ত্রণালয় বা ঢাকাস্থ চীনা দূতাবাস কোনো পক্ষই হাইপ্রোফাইল ওই সফরটির কারণ সম্পর্কে খোলাসা করে এখনো কিছু বলেনি। সফরকালে তিনি কার কার সঙ্গে দেখা করছেন? ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা- এমন নানা প্রশ্ন আসে গতকাল সেগুনবাগিচার সংবাদ ব্রিফিংয়ে। পররাষ্ট্রমন্ত্রী চীনের ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠকের এখনো কোনো সূচি নেই এমনটা জানালেও বিস্তারিত শেয়ার করেননি। রাতে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র মানবজমিনকে জানায়, চীনের প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিন পিংয়ের ঘনিষ্ঠজন বলে খ্যাত সুন মালদ্বীপ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। চীন সরকারের আগ্রহেই তার সফরটি হচ্ছে।
ভাইস মিনিস্টার সুন পার্টি টু পার্টি এবং পার্লামেন্ট লেভেলেই এনগেজ করতে আগ্রহ দেখিয়েছেন। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয় কারও সঙ্গে সাক্ষাৎ বা বৈঠকের কোনো শিডিউল চায়নি চীনা দূতাবাস। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্পিকারের সাক্ষাৎ চাওয়া হয়েছে উল্লেখ করে ওই সূত্র জানায়, ৩টি বৈঠকের দু’টি হলেই তারা হয়তো খুশি হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সমূহ সম্ভাবনা রয়েছে জানিয়ে ওই সূত্র বলে, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ফিরবেন। ফ্লাইট বা অন্য জটিলতা না হলে দেখা হতেও পারে। ঢাকা- বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ভাইস মিনিস্টারের এটি পুরোপুরি রাজনৈতিক সফর। তাই পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয়ের সম্পৃক্ততার বিষয়টি গৌণ।
বোদ্ধারা বলছেন, নির্বাচনকে ঘিরে পশ্চিমা দুনিয়ার রিজারভেশনের বিরুদ্ধে চীন পার্টি লেভেলেই শক্ত এনগেজ করেছে। ফলে নির্বাচন পরবর্তী সফরটিতে পার্টি টু পার্টি ফোকাস থাকবে- এটাই সঙ্গত। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থানের বিপরীতে প্রকাশ্যে ছিল চীন-রাশিয়া। ভারত বরাবরই আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অধিক মাত্রায় আস্থাশীল। সে অর্থে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর দৌড়ে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে চীন। যদিও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দাবি করেছে তারাই আগে অভিনন্দন জানাতে আগে সাক্ষাৎ পেয়েছে। ওয়াকিবহাল মহল অবশ্য ভারত-চীন প্রতিযোগিতাতেই ফোকাস রাখছেন। তাদের মতে, নতুন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, তিনি তার প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন। ৭ই ফেব্রুয়ারি সেই সফরটি হবে। ওই সফরের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ঘনিষ্ঠ সুনকে ঢাকায় পাঠিয়ে খানিকটা এগিয়ে থাকার চেষ্টা করতেই পারেন।
