গতবারের রানার্সআপ সিলেট এবার শুরুর দুই ম্যাচেই হার দেখেছে। যার একটিতে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে করেছে মাত্র ১২০ রান। সেটা নিয়ে শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই হারে দলটি। মাশরাফি প্রথম দিন দুই ওভার হাত ঘোরালেও এদিন বলই হাতে নেননি। হাঁটুর সমস্যায় ভোগা সিলেট অধিনায়ককে দেখেই বোঝা যায় খেলার অবস্থায় নেই তিনি। হাঁটুর সমস্যাটা ছোট হলেও বেশ ভোগাচ্ছে তাকে। গতকাল সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘না সেটা অবশ্যই। বাট টু বি ভেরি অনেস্ট আইডিয়াল সিচুয়েশনে না হলে ভালো হয়। বাট সবকিছু যেটা অনেক কিছু এক্সপ্লেনেশন করা যায় না। আমার সবকিছু ঠিক আছে, জাস্ট হাঁটুর সমস্যাটা হচ্ছে খুব ছোট বাট ভোগাচ্ছে।’ গতকাল সিলেট ৩৯ রানে ৫টি আর একই রানে রংপুর উইকেট হারায় ৬টি। তবে এক্ষেত্রে উইকেট নয় ব্যাটারদের দায় দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে ব্যাটাররা বাজে ব্যাটিং করেছে। আপনি যদি দেখেন সবাই, যারা...তারা কিছু অ্যান্টিসিপেট করে ব্যাটিং করার চেষ্টা করেছে। এই জন্য যখন দুই তিন উইকেট পড়ে যায়, তখন ডিফিকাল্ট হয়ে যায় পরের ব্যাটারদের জন্য। আমাদের ফরেইনার ছিল, তারা পেস বল ভালো খেলে। তারা যেভাবে স্পিন অ্যাডাপ্ট করেছে আমরা সেভাবে পারিনি। এসব উইকেটে খেলে আরও একটু ভালো করা হতো। উইকেট অবশ্যই আইডিয়াল ছিল না। এটা দিনের বেলার উইকেট আইডিয়াল হচ্ছে না এটাও সঠিক। বাট হ্যাঁ, অন্যদিনের চেয়ে খারাপ ছিল না এটা সঠিক। আজকে সান পেয়েছিল, কিছুটা বেটার ছিল। এবং আমরা যেখান থেকে ১২০ করেছি, সেটাও করার কথা না। উইকেট আগের দিনের মতো ছিল না। একটু অ্যাডজাস্ট করে খেলার দরকার ছিল। এই অ্যাডজাস্টমেন্টটা আসলে গুরুত্বপূর্ণ জরুরি।’ সিলেটের দেয়া ১২১ রান তাড়া করতে নেম ৩৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে রংপুর। এক ওভারে তিন উইকেট নেন সিলেটের লঙ্কান স্পিনার হেমন্ত। মাশরাফির মতে ওই ওভারটাই তাদের ম্যাচ জয়ের ব্যাপারে বিশ্বাস করিয়েছিল। কিন্তু আইডিয়ালি ম্যাচ তাদের পক্ষে ছিল না। তিনি বলেন, ‘হেমন্তের ওই ওভারটা আউটস্ট্যান্ডিং হওয়াতে মনে হয়েছে আমাদের পক্ষে আসতে পারে। আদারওয়াইজ আইডিয়ালি দিনের খেলায় ১৫০-১৬০ না হলে কঠিন হয়। ওই একটা ওভারের জন্য হয়তো বা আমাদের পক্ষে এসেছিল, একটা ব্রেক থ্রু পাইলে ম্যাচ হয়তো বা হতে পারতো।’ টানা দুই ম্যাচে হার নিয়ে সিলেট অধিনায়ক বলেন, ‘এটা ম্যাটার করে না হোম গ্রাউন্ডে- আমরা আগের বার এখানে চারটি জিতে, সিলেটে গিয়ে প্রথমটা হেরেছিলাম। এইগুলো ম্যাটার করে না। হোম গ্রাউন্ড হয়তো ক্রাউড আমাদের পক্ষে থাকবে ডেফিনিটলি। কিন্তু টি-টোয়েন্টি এমন একটা খেলা এটা মোমেন্টামের খেলা। যতক্ষণ মোমেন্টাম না আসতেছে ততক্ষণ কিন্তু দল সাধারণত বুস্টআপ হয় না। তো জয়টা খুব জরুরি।’
