রিসেট

মন্ত্রীর কাছে চাহিদার কথা জানালো আট ফেডারেশন

প্রকাশিত: ২৪ জানুয়ারি (বুধবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

একদিনে ৯টি ক্রীড়া ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থাকে ডেকেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। একটি বাদে ৮টি ফেডারেশনের কর্মকর্তারা গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে দেখা করেছেন মন্ত্রীর সঙ্গে। তবে ছিলেন না বাংলাদেশে টেবিল টেনিস ফেডারেশনের কোনো কর্মকর্তা। জানা গেছে, ফেডারেশন সভাপতি মেজবাহ উদ্দিনের ব্যস্ততার কারণে চিঠি দিয়ে সময় চেয়েছেন তারা। বাকিরা  মন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছেন তাদের দাবি-দাওয়া। সভা শেষে শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ একটি আন্তর্জাতিক মানের শুটিং কমপ্লেক্সের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘আমাদের দেশে একটি আন্তর্জাতিক মানের শুটিং কমপ্লেক্স প্রয়োজন। সেটাই বলেছি। মন্ত্রী তো অবাক, এতদিন হলো না কেন? আমি দেখবো বিষয়টি। উনার আশ্বাস পেয়ে আমরা খুশি।’ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী বলেন, ‘প্রধানমন্ত্রী বছরে এক কোটি টাকা করে দিচ্ছেন। এর বাইরে তৃণমূলে জেলা ও উপজেলায় খেলার জন্য আমরা বাড়তি অর্থ চেয়েছি। ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন।’ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘আমাদের কিছু সমস্যা ছিল, তা বলেছি। মন্ত্রী বলেছেন, এই অর্থবছরে না হলেও পরবর্তী অর্থবছরে চাহিদা মেটানো হবে।’ ভারোত্তোলকদের জন্য অনুশীলনের ভেন্যু চেয়ে ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি ছোট্ট রুমে অনুশীলন এবং টুর্নামেন্ট করি। তাই আমরা নতুন মন্ত্রীর কাছে একটি ভেন্যু চেয়েছি। তিনি পূর্বাচলে পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ছাড়া পরে আবার নাকি প্রত্যেক ফেডারেশনের সঙ্গে বসবেন, তখন বাকিটা শুনবেন।’ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার বলেন, ‘যা আমরা পাই, তা হয়ে যাবে। তবে সময়মতো যা প্রয়োজন, তা চেয়ে নেবো। আবাহনী মাঠে আমাদের কোর্ট হচ্ছে। তাই আপাতত আমাদের কোনো সমস্যা নেই।’ সবার বক্তব্য শুনে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, ‘আমি তো ভেবেছিলাম অনেক চাহিদা রয়েছে আপনাদের। কিন্তু যা শুনলাম, তাতে মনে হলো আমার কল্পনার মাত্র পাঁচ ভাগ চাহিদাও আপনাদের নেই। আবার কমপ্লেক্সের চাহিদাও কম না। কুস্তি, তায়কোয়ান্দো, জিমনেস্টিকস, কারাতের মতো বেশকিছু খেলারও ভেন্যুর চাহিদা আছে। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম কমপ্লেক্সে অন্তত এমন পাঁচটি খেলার ভেন্যু হবে বলে তিনি জানিয়েছেন। শুটিং আরচারি অলিম্পিক লক্ষ্য করে তাদের চাহিদার কথা জানিয়েছে। অন্যান্য খেলাগুলোও দক্ষিণ এশিয়া বা এশিয়ান মানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরে সমাধানের চেষ্টা করবো।’ আজ মন্ত্রণালয়ে ফুটবল ও হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বসবেন নতুন এই ক্রীড়ামন্ত্রী।