কয়েক মাস আগে নগরীর মীরাবাজারে বিরতি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাম্পেরই ৫ কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনার পর সিলেটে আতঙ্ক দেখা দেয়। ওই ঘটনার কয়েক মাসের মাথায় রোববার বিকালে নগরের পাঠাটুলা নর্থ-ইস্ট সিএনজি ফিলিং স্টেশনে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত দু’জনকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এজন্য ঠিকাদার ও পাম্প মালিকরা একে অপরকে দোষারোপ করছেন। এ কারণে এ ঘটনায় ক্ষুব্ধ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ঘটনার পরে তার নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনার জন্য দোষী হবে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বিকালে হঠাৎ নর্থ-ইস্ট সিএনজি পাম্পে অগ্নিকাণ্ড। এ অগ্নিকাণ্ডে অবশ্য পাম্পের তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু সিলেট সিটি করপোরেশেনের নিয়োজিত ঠিকাদারের ৫ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। ঘটনার জন্য পাম্প কর্তৃপক্ষ ও ঠিকাদাররা একে অপরকে দোষারোপ করছেন। গতকাল পাম্পের মালিক ও পেট্রোলপাম্প এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা জুবায়ের আহমদ চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, আইন অনুযায়ী আমরা দিনের বেলা পাম্পে তেল লোড করছিলাম। একটু দূরে ড্রেনের কাজ করছিল সিলেট সিটি করপোরেশনের নিয়োজিত ঠিকাদারের সাব-ঠিকাদার সুফিয়ান।
এ সময় সুফিয়ানকে কাজ বন্ধ রাখতে বারবার অনুরোধ করছিলেন পাম্পের ম্যানেজার স্বপন দত্ত। নিষেধ অমান্য করে কাজ করছিল ঠিকাদারের কর্মচারীরা। হঠাৎ কাজের স্থল থেকে একটি আগুনের স্ফুলিঙ্গ এসে পড়ে তেলবাহী গাড়ির নিচে। এতে মুহূর্তে আগুন ধরে যায়। ওই সময় অন্যরা নিরাপদে চলে গেলেও গর্তে কাজে থাকা শ্রমিকরা উঠতে পারেননি। তারা দগ্ধ হন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই পাম্পের প্রশিক্ষিত কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে তার পাম্পের কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে ঠিাকাদারি প্রতিষ্ঠান আরএন ইয়াকুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুন আহমদ জানিয়েছেন, তার কর্মচারীরা বারবার তেল লোড-আনলোড বন্ধ করার কথা জানিয়েছিলেন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ তাদের নিষেধ না মানার কারণে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা ড্রেনের কাজে গ্রান্ডার মেশিন দিয়ে রড কাটছিলেন। ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ উড়ে এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, এ ঘটনায় সিলেট সিটি করপোরেশন তদন্ত কমিটি গঠন করেছে। তারা তদন্ত করে দেখবে কেন ঘটেছে এ ঘটনা। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানিয়েছেন, ঘটনার জন্য দায়ী কারা সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেয়রের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. ফরহাদ মোহাম্মদ হাওলাদার, জালালাবাদ গ্যাস লিমিটেডের জিএম (অপারেশন) ইঞ্জিনিয়ার সারওয়ার জাহান মাহমুদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির পক্ষ থেকে যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে। এখন ওই এলাকায় ড্রেনের কাজ বন্ধ রয়েছে বলে জানান তিনি। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে- সিলেটে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হয়েছে।
গতকাল বিকালের দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের নিয়ে এম্বুলেন্স ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরা হলেন- ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া ও একই এলকার মিছির আলীর ছেলে মো. মতি মিয়া। আহত অপর তিনজন মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া, মতি মিয়ার ছেলে আলম মিয়া ও রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাসের অবস্থা অপরিবর্তিত বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ট্যাংকলরি চালক আইনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘ড্রেনের কাজ চলাকালে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় লরিতে পেট্রোল আনলোড করা হচ্ছিল। আমি ফিলিং স্টেশনের পাশে একটি হোটেলে ভাত খাচ্ছিলাম। পরে দৌঁড়ে এসে লড়িটিতে আগুন জ্বলন্ত থাকাবস্থায় তেলের লাইন বন্ধ করি এবং গাড়িটি দূরে সরিয়ে নিয়ে যাই। সেখানে নিয়ে পানি মেরে আগুন নেভাই।’
