রিসেট

লিটনকে অধিনায়কত্ব দেয়ার ‘সংস্কৃতি’টা ভালো লেগেছে ইমরুলের

প্রকাশিত: ২৩ জানুয়ারি (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বিপিএলে সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর তিনবারই অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। মাশরাফি বিন মুর্তজার পর তিনিই দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক। গত আসরেও তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবার তাকে সরিয়ে লিটন কুমার দাসকে অধিনায়কত্ব দেয় দলটি। ভবিষ্যতের কথা চিন্তা করে লিটনকে অধিনায়ক করার সংস্কৃতি ভালো লেগেছে ইমরুলের। এবারের বিপিএলে হার দিয়ে শুরু করেছে কুমিল্লা। আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে হারে তারা। তবে ব্যাট হাতে সফল ছিলেন ইমরুল। এদিন ৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এর আগে গতকাল মিরপুর একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে সাংবাদিকের মুখোমুখি হন কুমিল্লার সদ্য সাবেক অধিনায়ক ইমরুল। সেখানে লিটনকে অধিনায়ক করার ব্যাপারেও কথা বলেন তিনি। লিটনকে অধিনায়ক করার ব্যাপারে জানার পর কোনো প্রতিক্রিয়াই ছিল না ইমরুলের। বরং এই সংস্কৃতিটা ভালো বলে মনে করেন তিনি। ইমরুল বলেন, ‘স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কোনো প্রতিক্রিয়াই ছিল না। এখানে কী অর্জন করেছি মেটার করে না। কী হচ্ছে বা কী হবে, দলের জন্য ভালো কী হবে; এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় কুমিল্লা সঠিক একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আগামী পাঁচ-ছয় বছর কাকে দিয়ে দলকে নেতৃত্ব দেয়া যাবে, তারা ওই পরিকল্পনাতে আগাচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।’ অধিনায়ক হিসেবে লিটনের প্রতি ইমরুলের আস্থাও বিশাল। তিনি বলেন, ‘লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। আপনি দেখছেন ও সম্প্রতি বাংলাদেশের হয়ে সিরিজগুলোতে অধিনায়কত্ব করেছে। ও ওর কাজগুলো খুব ভালোভাবে সামলেছে। সফলভাবে সামলাচ্ছে। আমার মনে হয় লিটনের মাথা এবং সবকিছু ভালো; ও খুব ভালোভাবে সামলাতে পারে। এই দলেও আমি আশা করি ভালো করতে পারবে।’ অধিনায়কত্ব করা না করার পার্থক্য বোঝাতে গিয়ে ইমরুল বলেন, ‘অধিনায়ক থাকলে অনেক কিছু মেটার করে। দলে ভূমিকাটা আমার আলাদা থাকে। একেক দিন একেক রকম ভূমিকা পালন করতে হয়। এখনো আমি চেষ্টা করবো একইভাবে। মাঠের ভেতরে তো একটু ফ্রি থাকা যায়, কারণ এত পরিকল্পনা করতে হয় না। লিটন সবকিছু দেখে। ওদিক থেকে তো একটু ফ্রি থাকা যায়।’ ২০১৯ সালে ইডেন টেস্টে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন ইমরুল। আর সর্বশেষ ওয়ানডে দলের জার্সি গায়ে চড়ান ২০১৮ সালে। তরুণ ক্রিকেটারদের ভিড়ে জাতীয় দলের আশেপাশেও নেই অনেকদিন ধরে। তবে ইমরুল অবশ্য এখনো জাতীয় দলের ফেরার স্বপ্ন দেখেন। জাতীয় দলের হয়ে খেলাটা তার কাছে সম্মানের। ইমরুল বলেন, ‘স্বপ্ন তো ভাই যতদিন খেলি ততদিন দেখি। জাতীয় দল একটা আলাদা জায়গা। এখানে খেলাটা অনেক বড় সম্মানের আমি মনে করি। যতদিন খেলবো চেষ্টা করবো ওটা মাথায় রেখে। যদি ওটা মাথায় না থাকে, ওই খেলাটার মানে হয় না। আমার মনে হয় সবারই ব্যাক অব দ্য মাইন্ডে থাকে জাতীয় দল।