রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল। লড়াইটা ছিল সাকিব আল হাসান বনাম তামিম ইকবালেরও। ব্যক্তিগত পারফর্মেন্সে দুজনই পাস মার্ক পেলেন তবে দলীয় খেলায় শেষ হাসিটা হেসেছেন তামিম। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালের পেসার খালেদ আহমেদের তোপের মুখে অল্পতেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স। ছোট লক্ষ্য তাড়ায় অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে ঝড়ো শুরু পায় বরিশাল। এরপর ইনিংসের মাঝপথে কিছু উইকেট হারালেও কক্ষপথেই ছিল তারা। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও শোয়েব মালিকের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয় বরিশালের।
শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম খেলায় রংপুরকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ফরচুন বরিশাল। আগে ব্যাটিং করে ১৩৪ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ৫ বল বাকি থাকতেই জয় পায় তামিম ইকবালের দল। রংপুরের দেওয়া ১৩৫ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিনটি চার হাঁকান তামিম ইকবাল। তৃতীয় ওভারে আরেক ওপেনার ইব্রাহীম জাদরান ও তামিম হাঁকান আরও দুটি চার। ইনিংসের পঞ্চম ওভারে সাকিবের বলে জাদরান আউট হলে ভাঙে তাদের ৩২ রানের জুটি। অন্যপাশে তামিম ঠিকই চালিয়ে যান আগ্রাসী ব্যাটিং। প্রথম পাওয়ার প্লেতে বরিশালের স্কোরবোর্ডে জমা হয় ১ উইকেটে ৫৬ রান। ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ নবীকে ছক্কা হাঁকিয়ে পরের বলে আবার ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন তামিম। ফেরার আগে ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। এরপর সৌম্য এসে দ্রুতই ফিরে যান। হাসান মুরাদের বল উড়িয়ে মারতে গিয়ে উপরে তুলে দেন তিনি, সহজেই সেটি তালুবন্দি করেন নবী।
এরপর মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ মিলে বরিশালকে জয়ের দিকে এগিয়ে দেন অনেকখানি। দলীয় ৯৪ রানে মিরাজ আউট হলে ভাঙে তাদের ২৭ রানের জুটি। ১৮ বলে ১ ছক্কায় ২০ রান করেন মিরাজ। জয়ের আরেকটু কাছে গিয়ে ফেরেন মুশফিকও। সাকিবের দুর্দান্ত এক ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হন তিনি। দলীয় ১১৩ রানে ফেরা এই ব্যাটার খেলেন ২৭ বলে ২ চারে ২৬ রানের ইনিংস। এরপর বাকি পথটুকু সহজেই পাড়ি দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শোয়েব মালিক। শেষ ২ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১২ রানের। ১৯তম ওভার করতে আসা রংপুরের পেসার হাসান মাহমুদকে ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে জয়ের পথ সহজ করে ফেলেন রিয়াদ। পরের ওভারের প্রথম বলে তার ব্যাট থেকে আসা আরও একটি বিশাল ছক্কায় নিশ্চিত হয় বরিশালের জয়। রিয়াদ ১৯ রানে ও শোয়েব ১৭ রানে অপরাজিত থাকেন। রংপুরের হয়ে ৪ ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট নেন সাকিব। একই সংখ্যক ওভার করা পেসার হাসান মাহমুদ শিকার ১৭ রান খরচায় ২ উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ব্রেন্ডন কিংকে হারায় রংপুর। দুর্দান্ত এক ইয়র্কারে এই ক্যারিবীয় ব্যাটারের উইকেট উপড়ে ফেলেন রংপুরের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান খান। পরের ওভারে আরেক ওপেনার রনি তালুকদার ও সাকিব আল হাসানও ফিরে গেলে শুরুতেই বিপদে পড়ে একবারের শিরোপাজয়ী দলটি। সাকিবের ব্যাট থেকে আসে ৩ বলে ২ আর রনি করেন ৭ বলে ৫ রান। দলীয় ৩১ রানে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ফিরে গেলে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে রংপুর। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
দলীয় ৬৫ রানে বরিশালের পাকিস্তানি স্পিনার শোয়েব মালিকের অফসাইডের বাইরের বল খোঁচা মারতে গিয়ে আউট হন সোহান। এতে ভাঙে ৩৪ রানের জুটি। এরপর শামিম আবার শেখ মেহেদীকে নিয়ে গড়েন ৩১ রানের জুটি। শামিম করেন ৩৩ বলে ৩৪ আর মেহেদীর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৯ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে রংপুরের ইনিংস। বরিশালের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচায় ৪ উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া মেহেদী হাসান মিরাজের শিকার জোড়া উইকেট।
