বিদেশিদের প্রচণ্ড চাপের মুখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দায়িত্ব নিয়েই পূর্ব-পশ্চিম সাবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পেশাদার কূটনীতিকদের আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলাপে তিনি এ তাগিদ দেন। মন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স বাড়ানো এবং জনশক্তি রপ্তানির সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধানে জোর দেন। সেই সঙ্গে রোহিঙ্গা সংকটের কূটনৈতিক সমাধান বিষয়ে তিনি কর্মকর্তাদের মতামত নেন। দিনের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিদায় গ্রহণের পরপরই সেগুনবাগিচায় আসেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। নতুন কর্মস্থলে যোগদানের কয়েক মিনিটের মধ্যে তিনি পূর্ব নির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে তিনি নতুন দায়িত্বের চ্যালেঞ্জসহ নানা বিষয়ে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি চ্যালেঞ্জ নিতে কতোটা পছন্দ করেন তা খোলাসা করেন। আগামীর পথ চলায় বরাবরের মতো গণমাধ্যমের সহযোগিতা পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিডিয়ার সঙ্গে আমার বহুমাত্রিক সম্পর্ক। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলাম। পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। একজন জুনিয়ার রিপোর্টারও আমাকে রিচ করতে পারেন।
নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল: সংবাদ ব্রিফিংয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ- নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উৎরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারও কোনো চাপ কখনো অনুভব করি না। বিভিন্ন দেশের নানা পারসেপশন থাকে, ন্যারেটিভ থাকে। আমরা সেগুলোকে ভ্যালু করি। তবে দিন শেষে সবাই আমরা একযোগে কাজ করবো। দুপুরে সেগুনবাগিচার ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কূটনীতিতে আওয়ামী লীগ সরকারের সামনে এই মুহূর্তের চ্যালেঞ্জ জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, বিভিন্ন দেশের নানা পারসেপশন, ন্যারেটিভ থাকে। কিন্তু দিন শেষে সবাই এক সঙ্গে কাজ করবো এটাই হচ্ছে মূল বিষয়। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। তবে সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে আমরা মূল্য দেবো। আমরা কোনো চাপ অনুভব করছি না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল। সব চাপ উৎরে নির্বাচন হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ৫২ বছরে আমাদের যে অর্জন তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল। সূচনা বক্তব্যে ড. হাছান মাহমুদ ২০০৯ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ৬ মাসের বেশি সময় দায়িত্ব পালনের বিষয়টি স্মরণ করেন।
পূর্ব-পশ্চিমের সব দেশ আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক: ওদিকে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিভক্ত বিশ্বের প্রেক্ষাপটেও ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-এই পররাষ্ট্রনীতিতে অবিচল থাকবে বাংলাদেশ। মন্ত্রী বলেন, পূর্ব ও পশ্চিমের সব দেশই আমাদের সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশেদ আলম মঞ্চে উপস্থিত ছিলেন।
