রিসেট

জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন না ইমরানুর

প্রকাশিত: ১৫ জানুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

দু’দফা পিছিয়ে আগামী ৯-১০ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই আসরে খেলতে আসছেন না গতবারের চ্যাম্পিয়ন ইমরানুর রহমান।  তার না আসা মানে, জাতীয় চ্যাম্পিয়নের খেতাবও বিসর্জন দেওয়া। এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য দেশ সেরার খেতাব বিসর্জন দিচ্ছেন লন্ডনপ্রবাসী এই স্প্রিন্টার। গত বছরই কাজাখস্তানে এই আসরে ৬০ মিটার স্প্রিন্টের সোনা জিতে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে নিয়েছিলেন ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার। কাজাখস্তানের গত আসরটি ছিল করোনার কারণে না হওয়া ২০২০-এর আসর। এবার তেহরানে আবার এশিয়ান ইনডোরের আসর বসছে পুরনো সূচি মেনেই। পর পর দুটি আসর তাই হয়ে যাচ্ছে। ইমরানের এশিয়ান চ্যাম্পিয়ন থাকার মেয়াদও তাতে কমেছে বৈকি। চার বছরের বদলে এক বছর সেই আসনে থাকছেন তিনি। সেটি আরো চার বছর বাড়িয়ে নিতে পারবেন তেহরানে যদি মুকুটটি ধরে রাখতে পারেন। নিজের সেরা ইভেন্টে সেই জায়গাটি ধরে রাখতেই এই মুহূর্তে নিবিড় অনুশীলনের মধ্যে আছেন ইমরানুর রহমান। নভেম্বর, ডিসেম্বরে জাতীয় চ্যাম্পিয়নশিপ হলে সেই প্রস্তুতির মাঝপথে তার ট্র্যাকে নেমে পড়াটা যথার্থ হতো না। তাতে ফেব্রুয়ারিতে নিজের সেরায় থাকতে পারতেন না। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই জাতীয় চ্যাম্পিয়নশিপ পিছিয়ে এখন ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে, তেহরানে এশিয়ান ইনডোরের ঠিক এক সপ্তাহ আগে। তাতে অবশ্য ইমরানের জন্য সুবিধাই হয়েছিল, তিনি ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেই এশিয়ান খেতাব ধরে রাখার লড়াইয়ে যেতে পারতেন।