রিসেট

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন যারা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

অনাগ্রহে আপাতত তামিম যে বিসিবি’র ২০২৪ এর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তা নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এছাড়াও ২০২৩ এর চুক্তি থেকে বাদ পড়ছেন আরো কয়েকজন। এর মধ্যে আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নূরুল হাসান সোহান ও তরুণ ক্রিকেটার জাকির হাসানের নাম অন্যতম। সুযোগ পেয়েও বাজে পারফরম্যান্সে হতাশ করেছেন তারা। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চুক্তি থেকে বাদ পড়তে পারেন স্পিনার নাসুম হোসেনও।  তবে গত বছর দারুণ পারফরম্যান্স করা তাওহীদ হৃদয়ের চুক্তিতে আসা অনেকটাই নিশ্চিত। আর বছর শেষে ওয়ানডে দলে ফিরে নিউজিল্যান্ডে সেঞ্চুরি করা সৌম্য সরকারও ঢুকে পড়তে পারেন চুক্তিতে! আর বহাল থাকতে পারেন মাহমুুদউল্লাহ রিয়াদ। বিসিবি’র ভাষ্য মতে তামিম ইকবাল নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাননি। তিনি নিজেই চুক্তিতে থাকতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে তামিমের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের দ্বন্দ্বের এখন আর কারো অজানা নয়। যতটা জানা গেছে প্রধান কোচ নিজের ভবিষ্যৎ পরিকল্পনাতেও রাখেননি তামিমকে। আর সাবেক এই ওয়ানডে অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে হাথুরু আর সাকিবের অধীনে তিনি আর খেলতেও চান না। অন্যদিকে এ বছর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন তাওহীদ হৃদয়। ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হচ্ছে তাকে। এ রকম যোগ-বিয়োগ করে নতুন চুক্তির ক্রিকেটার বাছাই করে বিসিবিতে তালিকা জমা দিয়েছেন নির্বাচকরা, যেখানে রাখা হয়নি তামিম ইকবালকে। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘আমাদের যে কাজ ছিল কেন্দ্রীয় চুক্তির তালিকা করে বিসিবিতে জমা দেয়া সেটি আমরা করেছি। তবে এই তালিকা চূড়ান্ত করবে বিসিবি ও তা প্রকাশও করবে। আমাদের এ নিয়ে কথা বলা কড়াকড়ি ভাবে বারণ আছে।’ 

বিসিবি পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হবে। জাতীয় নির্বাচনের পর ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় এ সভায় তামিমের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে বোর্ড। সাকিব, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ছিলেন ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তিন সংষ্করণের ক্রিকেটার। এবার সেখানে যোগ হতে পারেন পেসার শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। পেসার ইবাদত হোসেন হাঁটুর চোটের কারণে খেলতে না পারলেও চুক্তিতে থাকছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডেতে; মুমিনুল হক, খালেদ আহমেদ, ও মাহমুদুল হাসান জয় টেস্টের ক্রিকেটার হিসেবে চুক্তিতে থাকবেন। তবে তরুন পেসার তানজিম হাসান সাকিবকে এখনই কেন্দ্রীয় চুক্তিতে আনতে চাইছেন না নির্বাচকরা। ২১ জনের একটা তালিকা কেন্দ্রীয় চুক্তির জন্য বিসিবিতে সুপারিশ করেছেন জাতীয় দল নির্বাচকরা। এই তালিকায় এক বা দু’জনকে যোগ করতে পারে বোর্ড।