রিসেট

হার দিয়ে শুরু চ্যাম্পিয়নদের উত্তরাঞ্চলের জয়

প্রকাশিত: ২৫ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লীগের ওয়ানডে সংস্করণ হার দিয়ে শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিএলএস পদ্ধতিতে মধ্যাঞ্চল ২৩ রানে জয় পেয়েছে পূর্বাঞ্চলের বিপক্ষে। প্রথমে ব্যাট করা মধ্যাঞ্চল মাহিদুল ইসলাম অঙ্কনের ৯৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৮ রানের পুঁজি পায়। ৮৬ বলে ৬ চার ও ৪ ছয়ে ৯৫ রান করেন অঙ্কন। মধ্যাঞ্চলের হয়ে নাঈম ইসলাম ৫৫ রান করেন। এছাড়া ওপেনার নাঈম শেখ করেন ৪৮ রান। চার দিনের ফর্ম ওয়ানডেতেও ধরে রেখেছেন পূর্বাঞ্চলের পেসার খালেদ আহমেদ। ১০ ওভারে ৬৯ রান খরচা করলেও তিনটি উইকেট শিকার করেন তিনি। আরেক পেসার রেজাউর রহমান রাজা নেন দুই উইকেট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ দিকে ডিএলএস পদ্ধতিতে ম্যাচের দৈর্ঘ্য কমে যায় তিন ওভার। ৪৭ ওভারে ২৮১ রানের লক্ষ্য নির্ধারিত হয় পূর্বাঞ্চলের। জবাবে ৯ উইকেটে ২৫৭ রানে থামে তাদের ইনিংস। পূর্বাঞ্চলের ব্যাটারদের মধ্যে ইয়াসির আলী রাব্বী ছাড়া আর কেউ ইনিংস বড় করতে পারেননি। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ইয়াসির। ৬১ বলে ৪৭ রানের ইনিংস আসে মুমিনুল হকের ব্যাট থেকে। জাকির হাসান করেন ৩৮ রান। রিপন মন্ডল ও নাজমুল ইসলাম অপু দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন অঙ্কন।

মামুন-প্রীতমের ব্যাটে উত্তরাঞ্চলের জয়
ব্যাটসম্যানদের সম্মিলিত চেষ্টায় লড়ার মতো পুঁজিই গড়েছিল দক্ষিণাঞ্চল। কিন্তু আবদুল্লাহ আল মামুন ও প্রীতম কুমারের দুর্দান্ত ব্যাটিংয়ের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারলেন না দলটির বোলাররা। এই দুই ব্যাটসম্যানের চমৎকার দুটি সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লীগের ওয়ানডে টুর্নামেন্ট শুরু করলো উত্তরাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের দুই নম্বর মাঠে প্রথম রাউন্ডের খেলায় গতকাল দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। প্রতিপক্ষের ৩০৫ রান তারা পেরিয়ে যায় ৯ বল বাকি থাকতে। উত্তরাঞ্চলের এই জয়ে বড় অবদান রাখেন মামুন ও প্রীতম। তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। ৫ ছক্কা ও ৬ চারে ঠিক ১০০ রান করেন মামুন। ২ ছক্কা ও ৮ চারে ১০৮ রান করেন প্রীতম। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুইজনেরই এটা প্রথম সেঞ্চুরি। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের হয়ে ২ ছক্কা ও ৬ চারে ৬০ রান করেন আশিকুর রহমান শিবলি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পথে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। যার মধ্যে একটি ছিল ফাইনালে। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেও দারুণ খেললেন ১৮ বছর বয়সী এই তরুণ। এছাড়া ফজলে মাহমুদ ৩১, অভিজ্ঞ মার্শাল আইয়ুব ৬১ ও নুরুল হাসান সোহান ৩৪ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ ছক্কা ও ৭ চারে ৪৪ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দুইটি করে ছক্কা-চারে ১৯ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন সোহাগ গাজী।