ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের পক্ষে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এ বিষয়ে দলের সাধারণ সভায় এক রেজ্যুলেশনে ওমরের নির্বাচন না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়। এদিকে কাঁঠালিয়া আওয়ামী লীগও এখন পর্যন্ত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের পক্ষে কাজ শুরু করেনি। কারণ তারা প্রার্থীর পক্ষ থেকে নৌকার পক্ষে কাজ করার আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। রাজাপুর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এএইচএম খাইরুল আলম সরফরাজ স্বাক্ষরিত রেজুলেশনে উল্লেখ করা হয়, শাহজাহান ওমর নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে যোগাযোগ করেননি। উপজেলা আওয়ামী লীগ অফিসে আসেননি। ওমরের নিজস্ব ভবন যেটি বিগত দিনে বিএনপি অফিস ছিল সেখানে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। এ সময় মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতাবিরোধী, থানা শান্তি কমিটির সভাপতির ছেলে এবং থানা রাজাকার বাহিনীর কমান্ডারের ছেলে তার সঙ্গে থাকছে। রেজুলেশনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে না নিয়ে নির্বাচন করা যায় না।
নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাহজাহান ওমর বিগত দিনে এ আসনে একাধিকবার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় তিনি তার প্রতিপক্ষ হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করেছেন। তাই তিনি এখন তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন না। নিরুপায় হয়ে এ আসনের রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরকে নিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলদেশ গড়তে সভায় সর্বসম্মতিক্রমে মনিরের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। রাজাপুর উপজেলার ২৫ নেতাকর্মীর স্বাক্ষর রয়েছে ওই রেজুলেশনে। এ প্রসঙ্গে নৌকার মনোনীত প্রার্থীর বিরোধিতা ও রেজুলেশনের সিদ্ধান্তে দলীয় সভানেত্রীর নির্দেশনা অমান্য করা হলো কিনা জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খাইরুল আলম সরফরাজ বলেন, নেত্রী বলেছেন- কেন্দ্রীয় কমিটির অপশন আছে। এলাকায় দলীয় কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতা থাকে সে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কিন্তু আমরা ওমর সাহেবের অপেক্ষা করে তাকে পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আমরা নেমেছি। তবে মঙ্গলবার রাতে আমাদের অফিসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এসেছিলেন। আমরা তাকেও বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে খান সাইফুল্লাহ পনির বলেন, আমি গিয়েছিলাম নৌকার মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের অনুরোধে তার সঙ্গে দেখা করতে। তখন আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম। সেখানে মনির এসেছিলেন। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কিসের রেজুলেশন। দলের সিদ্ধান্ত চূড়ান্ত। মনিরের সঙ্গে নির্বাচনী কোনো আলোচনা হয়নি। দলের সিদ্ধান্তের সঙ্গে রেজুলেশনের কোনো সম্পর্ক নেই। শাহজাহান ওমরকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে তার নির্বাচনী সমন্বয়কারী ও মুখপাত্র ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, রাজাপুর আওয়ামী লীগের রেজুলেশন গুজব ও ভিত্তিহীন। এমন সিদ্ধান্ত নেয়া হলে তা দলীয় গঠনতন্ত্রবিরোধী। কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে এ রকম সিদ্ধান্ত নেয়া যুক্তিসঙ্গত নয়।
এদিকে শাহজাহান ওমরের সমর্থনে কাঁঠালিয়া উপজেলার দলীয় নেতাকর্মীরা এখনো মাঠে নামেননি। ১৮ই ডিসেম্বর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলেও নৌকা প্রার্থীর পক্ষ থেকে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ডাক আসেনি। তাই কেউ কেউ প্রার্থীর পক্ষে কাজ শুরু করেননি, আবার কেউ এ আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের পক্ষে মাঠে নেমে পড়েছেন। অপরদিকে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল সমাদ্দার ও সাবেক সাধারণ সম্পাদক তরুণ সিকদার বলেন, ‘এখন পর্যন্ত আমরা নৌকা প্রার্থীর সঙ্গে নামতে পারিনি। তিনি এর আগে কাঁঠালিয়ায় এসে সভা করলেও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে কেউই যায়নি। তখন তাকে সাংগঠনিকভাবে জানিয়েছিলাম আমরা তার সঙ্গে কাজ করতে চাচ্ছি। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে যদি আমাদের না ডাকেন তাহলে আমরা কীভাবে যাই।
