রিসেট

সিটির পরিকল্পনা শুধুই ‘ঘুম, ঘুম আর ঘুম’

প্রকাশিত: ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন ক্লাব বিশ্বকাপ জিতে চক্র পূরণ করতে চান। সেই মিশনে সেমিফাইনালে সহজেই উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়ে ফাইনালে ওঠে সিটিজেনরা। যদিও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে বেশ লড়াই করতে হয় সিটিকে। তবে একবার সেটা ভাঙার পর অপ্রতিরোধ্য হয়ে ওঠে তারা। ফাইনালের আগে প্রস্তুতি জানাতে গিয়ে ‘ঘুম’ শব্দটাকেই তিনবার ব্যবহার করলেন গার্দিওলা। মঙ্গলবার সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে  ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উরাওয়াকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা। ইংলিশ ক্লাবটির হয়ে মাতেও কোভাচিচ ও বের্নার্দো সিলভা একটি করে গোল করেন। বাকিটি আসে আত্মঘাতি থেকে। আগামীকাল শিরোপা লড়াইয়ে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে সিটিজেনরা। এর আগে কখনও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেনি সিটি। এমন গুরুত্বপূর্ণ ফাইনালের আগে গার্দিওলার কাছে বিশ্রাম নেওয়াটাই বড় পরিকল্পনা। তিনি বলেন, ‘ম্যানচেস্টার সিটি এখানে প্রথমবার (ফাইনালের) পরিকল্পনা হচ্ছে ঘুম, ঘুম এবং ঘুম। এটাই আমাদের পরিকল্পনা। আমাদের এখন বিশ্রাম নিতে হবে। আমরা একসঙ্গে ডিনার করবো এবং এমন আবহ তৈরি করতে হবে যাতে খেলোয়াড়রা বুঝতে পারে এটা ক্লাবের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

গার্দিওলা আরও বলেন, ‘এটা শেষ ধাপ, এই শিরোপা আমাদের কাছে নেই। ফলে আমরা এর জন্য অবশ্য ঝাপাবো। এসব ফাইনালে ওঠার জন্য দারুণ সব করতে হয়। তবে আমরা কিন্তু এখনও এটা জিতিনি।’ এর আগে গতকাল সর্বশেষ আট ম্যাচে মাত্র তিনটিতে জেতা সিটি শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। কিন্তু তাদের সব আক্রমণ প্রতিপক্ষের জমাট রক্ষণে আটকে যাচ্ছিল। 

ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিটি। কিন্তু মাথেউস নুনেসের জোরাল শট উরাওয়ার গোলরক্ষক নিশিকাওয়া রুখে দিলে সেটা হয়নি। দুই মিনিট পর ফিল ফোডেনের শটও ফিরিয়ে দেন এই জাপানিজ গোলরক্ষক। প্রথমার্ধে গোল করার চেয়ে রক্ষণ সামলানোতেই ব্যস্ত ছিল উরাওয়া। তাতে সফল হলেও প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের ভুলেই গোল হজম করে তারা। ডান দিক থেকে সিটির নুনেসের ছয় গজ বক্সে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন উরাওয়ার ডিফেন্ডার হেইব্রটেন। বিরতি থেকে ফিরে দ্রুত লিড দ্বিগুন করে সিটি। ম্যাচের ৫২তম মিনিটে কাইল ওয়াকারের পাস ধরে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কোভাচিচ। তিন মিনিট পর গ্রিলিশের ক্রসে খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন নুনেস।

ম্যাচের ৫৯তম মিনিটে নুনেসের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল পেয়ে শট নেন সিলভা, একজনের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়। শেষদিকে রক্ষণ ছেড়ে আক্রমণ উঠলেও সিটি রক্ষণকে তেমন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি উরাওয়া।