রিসেট

খালেদের ৭ উইকেট, প্রথম শিরোপা পূর্বাঞ্চলের

প্রকাশিত: ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

ম্যাচের দুই ইনিংসেই পেসারদের বিপক্ষে ভুগতে দেখা গেল উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের। দুই ইনিংসেই তারা গুটিয়ে গেল অল্প রানে। আর সৈয়দ খালেদ আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিন দিনেই জিতে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) শিরোপার স্বাদ নিলো পূর্বাঞ্চল। গতকাল আসরের তৃতীয় ও শেষ রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চল জয় পায় ইনিংস ও ১১২ রানে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১০৮ রানের পর গতকাল দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অল আউট হয় উত্তরাঞ্চল। একমাত্র ইনিংসে পূর্বাঞ্চল করে ৩৫২ রান। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৭ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং এটি। প্রথম ইনিংসে ৪টিসহ ম্যাচে তার প্রাপ্তি ৯০ রানে ১১ উইকেট, যা তার ম্যাচ সেরা বোলিংও। দ্বিতীয়বার ম্যাচে অন্তত ১০ উইকেট পেলেন ৩১ বছর বয়সী এই পেসার। ম্যাচ সেরার পুরস্কার ওঠে খালেদের হাতেই।

২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও খালেদ। জাতীয় দলের হয়ে ১২ টেস্ট খেলা এই ক্রিকেটার জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ২ শিকার ধরেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। অপর পেসার আবু জায়েদ চৌধুরী দুই ইনিংসেই পান একটি করে উইকেট। 

ম্যাচে উত্তরাঞ্চলের ২০ উইকেটের ১৯টিই এই তিন পেসারের শিকার। অন্যটি রান আউট। ম্যাচের প্রথম দিন উইকেট ছিল সবুজাভ। পেসাররা পেয়েছিলেন সহায়তা। তৃতীয় দিনে অবশ্য ব্যাটিংয়ের জন্য কঠিন কিছু ছিল না। তবু উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা লড়াই পর্যন্ত করতে পারেনি। ৩ উইকেটে ৬৭ রান নিয়ে এ দিন ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনেই গুটিয়ে যায় উত্তরাঞ্চলের ইনিংস। সর্বোচ্চ ৩৩ রান করতে পারেন অধিনায়ক আকবর আলী।
আগের দিন দুই উইকেট নেওয়া খালেদ তৃতীয় দিনে শিকার ধরেন আরও পাঁচটি। নাহিদ রানাকে বোল্ড করে ম্যাচের ইতিও টেনে দেন তিনিই। বিসিএলে চারবার রানার্সআপ হওয়ার পর অবশেষে শিরোপার স্বাদ পেলো পূর্বাঞ্চল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। 

দক্ষিণাঞ্চলকে হারিয়ে রানার্সআপ মধ্যাঞ্চল 
আসরের আরেক ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিএলের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটে হারিয়ে রানার্সআপ হয়েছে মধ্যাঞ্চল। ৩ উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আর ২ রান তুলতেই ৬ উইকেট হারায় দক্ষিণাঞ্চল! ৯ উইকেটে করে ৪৯ রান। আগের দিন আঙুলে চোট পেয়ে ক্রিজ ছেড়ে যাওয়া ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল আর ব্যাটিংয়ে নামেননি। 

স্রেফ ১৬ রানের লক্ষ্য মধ্যাঞ্চল ছুঁয়ে ফেলে এক ওভারেই। তৃতীয় দিনে ম্যাচ শেষ হয়ে যায় প্রথম ঘণ্টাতেই। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কে যেতে পারেন কেবল দুজন। পিনাক ঘোষ ১৪ ও মোহাম্মদ মিঠুন করেন ১৩ রান। 

৬ ওভারে ৬ রানে ৪ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সফলতম বোলার পেসার আবু হায়দার রনি। আরেক পেসার শহিদুল ইসলাম ৮ ওভারে ৭ রানে নেন ৩ উইকেট। সালাউদ্দিন শাকিলের শিকার ২টি। ব্যাটিংয়ে ৯৮ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম। 
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট নিয়ে উত্তরাঞ্চল তৃতীয় ও দক্ষিণাঞ্চল চতুর্থ হয়েছে।