সৌম্য সরকার, চন্ডিকা হাথুরুসিংহের সবচেয়ে প্রিয় ক্রিকেটার। এই তথ্য আর কারও অজানা নেই। এই ক্রিকেটারের মধ্যে তিনি দেখতে পেয়েছেন অসাধারণ ক্রিকেট প্রতিভা! প্রথমবার যখন হাথুরু বাংলাদেশের দায়িত্বে ছিলেন তখন সৌম্য নিয়মিত না হলেও রান পাচ্ছিলেন। কিন্তু গত ৩ বছর ধরে অফ ফর্মে সৌম সরকার। ঘরোয়া ক্রিকেটে অল্পবিস্তর রান পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হয়েছেন ধারাবাহিকভাবে। দ্বিতীয় দফায় দায়িত্বে ফিরে আবারো সৌম্য সরকারকে খুঁজে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ দিতে সৌম্যকে ইমার্জিং এশিয়াকাপেও খেলানো হয়। কিন্তু সেখানেও তিনি ব্যর্থ ছিলেন। তাই শেষ পর্যন্ত তাকে দলে নেয়া হয়নি।
তবে নিউজিল্যান্ড সফরে তাকে ঠিকই স্কোয়াডে নিয়েছেন হাথুরু। কিন্তু এবারো দিয়েছেন হতাশা উপহার। তার ওপর আস্থার মান রাখতে পারেননি। তাতে কি! এই অলরাউন্ডারকে দলে রাখতে যে বড় যুক্তি খুঁজে পেয়েছেন টাইগার প্রধান কোচ। সরাসরিই জানিয়েছেন সাকিবের অভাব পূরণ করবে এমন একজনকে দলে নেয়ার ভাবানাতেই দেয়া হয়েছে সৌম্যকে সুযোগ।
সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০২১-এ। ১৬ ম্যাচের ক্যারিয়ারে এক প্রাপ্তি সেঞ্চুরি ও ৪ ফিফটি। অন্যদিকে ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ৭২ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়ে করেছেন মাত্র ৫ ফিফটি। যেখানে ১৭.৫৬ গড়ে করেছেন মাত্র ১২১২ রান! এই পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট যে কতো ব্যর্থতার পরও একের এর এক সুযোগ হয়েছে তার। তবে ওয়ানডেতে তার সাফল্যের পাল্লাটা কিছুটা ভারী। ৬৪ ম্যাচের ৬০ ইনিংসে ৩১.০১ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৭৬৮ রান। ২টি সেঞ্চুরি সঙ্গে করেছেন ১১ ফিফটি। কিন্তু ২০১৯ থেকেই যেন তিনি পথ হারিয়েছেন এই ফরম্যাটে। তার ব্যাট থেকে ৫০ ওভারের ফরম্যাটে শেষ ফিফটি ২০১৯ এর ৩১শে জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর গেল ৪ বছরে ৯ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সেখানে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩২ রান।
সবশেষ ভারতের ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, ফিরেছেন শূন্য রানে। এরপর কিউইদের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতেও একাদশে সুযোগ পান তিনি। ডানেডিনে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউটের আগে বল হাতে ৬ ওভারে ৬৩ রান দেন সৌম্য। যদিও সৌম্য’র সমস্যা কোথায়, সেটা জানেন না বলে জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘গত পাঁচ ম্যাচ? আমি জানি না। আমি তাকে এবার কেবল এক ম্যাচ দেখলাম। আমি জানি না তার কী সমস্যা। সে ঘরোয়া ক্রিকেটে রান করছিল। আমরা এমন একজন চাই, যে বল ও ব্যাট করতে পারে। এখানে সাকিব আল হাসান নেই, বাংলাদেশ দল গত ১৫-১৭ বছর ধরে সাকিবকে নিয়ে খেলছে। তাকে ছাড়া সমন্বয় খুঁজে পাওয়া কঠিন। এই জন্য সে (সৌম্য) অলরাউন্ডার হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
অলরাউন্ডার হিসেবে সৌম্য দলে অবদান রাখতে পারবে বলে আশা করে হাথুরুসিংহে বলেন, ‘সাকিব যা পারে, সে (সৌম্য) তা করতে পারবে না। আমরা আশা করছি, সে বল ও ব্যাট করতে পারবে। অলরাউন্ডার হিসেবে উভয় বিভাগে অবদান রাখবে।’ অন্যদিকে প্রথম ম্যাচ হারের জন্য অবশ্য কোচ দলের কাউকে নয় দায় দিচ্ছে বৃষ্টিকে। তিনি বলেন, ‘ম্যাচ হারা সব সময় হতাশার। আমাদের কিছুই করার ছিল না, বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল, অন্য প্রান্ত থেকে আমাদের আরও ভালো করা দরকার ছিল। কন্ডিশনকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আর বার বার খেলা বন্ধ হওয়ায় ক্যাপ্টেন চাপে পড়ে যাচ্ছিল।’
