রিসেট

মেয়েদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

প্রকাশিত: ২০ ডিসেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা দারুণ কাটছে বাংলাদেশ নারী দলের। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটাও জয় দিয়ে শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ পচেস্ট্রম ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রোটিয়া নারীদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এই ম্যাচ জিততে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে ১০০ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। এ ছাড়া বাকিদের ছোট ছোট অবদানে ২৫০ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। এ ম্যাচেই প্রথমবারের মতো ২৫০ রান স্পর্শ করে মেয়েদের দলীয় সংগ্রহ। এই রান তাড়া করতে নেমে লড়াইও করতে পারেনি আফ্রিকা। বাংলাদেশি বোলারদের তোপের মুখে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় তারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে টাইগ্রেসদের এটাই প্রথম জয়।

এর আগে টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় আর শেষ ম্যাচ হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেন জ্যোতি-পিংকিরা। এবার সেই সুযোগ ওয়ানডে সিরিজেও। বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় এই সফরে ব্যাটারদের ব্যাটিং। প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন তারা। আর বোলাররা তো লম্বা সময় ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। এরসঙ্গে অধিনায়কত্ব দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জ্যোতিও। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো এশিয়ান দলের জন্যই সিরিজ জয় বড় প্রাপ্তি। বাংলাদেশের পুরুষ দল সেখানে এখন পর্যন্ত মাত্র একবারই এটা করতে পেরেছে। 

গত বছর তামিম ইকবালের নেতৃত্বে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে সিরিজ হারায় টাইগাররা। এবার নারী দলের সামনেই সেই সুযোগ। বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য এশিয়া কাপ জয় এসেছে নারী দলের হাত ধরেই। এবার আরও একটি সাফল্যের হাতছোঁয়া দূরত্বে জ্যোতির দল। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্যও এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজটি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে ১৩ ম্যাচে সমান ৪টি করে জয় ও হার এবং ১টি ড্র-য়ে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকা। আর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। এর আগে গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করার পর পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক জ্যোতি বলেছিলেন তাদের চোখ সরাসরি বিশ্বকাপ খেলায়। ফলে তার দলের সামনে ইতিহাস গড়া ছাড়াও বিশ্বকাপে সরাসরি খেলার চিন্তাও থাকছে।