দারুণ ব্যাটিং করা সেন্ট্রাল জোনের নাঈম ইসলাম সেঞ্চুরির পথেই ছিলেন, কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি। তবে একই ভুল করেননি উত্তরাঞ্চলের মুমিনুল হক, ঠিকই তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে তার সতীর্থ পারভেজ হোসেন ইমনকে অবশ্য নাঈমের মতোই আক্ষেপে পুড়তে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় দিন শেষে পূর্বাঞ্চলের চেয়ে ১৭৭ রানে এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ বেলায় ব্যাটিংয়ের নেমে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করে পূর্বাঞ্চল। এদিন ২ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করে উত্তরাঞ্চল। দলীয় ১৪৯ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন দলটির ওপেনার ইমন। তার ব্যাট থেকে আসে ২০০ বলে ১২ চারে ৯০ রানের ইনিংস।
এরপর শাহাদাত হোসেন দীপুকে নিয়ে ১৩৪ রানের জুটি গড়েন মুমিনুল। এরমধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭তম সেঞ্চুরি তুলে নেন তিনি। দলীয় ২৮৩ রানে ৫৬ রান করা দীপু আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর বেশিক্ষণ টেকেননি মুমিনুলও, দলীয় ৩০৭ রানে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৬৭ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৭ রান। ৪৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৫২ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। ২৪৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটি পায় পূর্বাঞ্চল। কিন্তু ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে দলটি। মাহমুদুল হাসান জয় করেন ১৪ আর সাব্বিরের ব্যাট থেকে আসে ১৮ রান। এরপর আবদুল্লাহ আল মামুন ও আইচ মোল্লা মিলে ১৮ রানের জুটি গড়ে দিন শেষ করেন। দিনের আরেক খেলায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন দক্ষিণাঞ্চলকে ২১৪ রানে অলআউট করে সেন্ট্রাল জোনও বেশি দূর এগোতে পারেনি। তারা অলআউট হয়েছে ২৪৮ রানে।
গতকাল দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে দিন শুরু করে সেন্ট্রাল জোন। তৃতীয় দিনের শুরুতেই দক্ষিণাঞ্চলের বোলারদের তোপের মুখে পড়ে তারা। একপর্যায়ে ১০৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর মহিদুল ইসলাম অংকনকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন এক পাশ আগলে রাখা নাঈম ইসলাম। দলীয় ১৭৬ রানে অংকন আউট হলে ভাঙে তাদের জুটি। তিনি করেন ১১৭ বলে ৬৬ রান। অংকন ছাড়া আর কেউই নাঈমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত দলীয় ২৪৮ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয় নাঈমকে। তার ব্যাট থেকে আসে ১৮১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ৮৯ রানের ইনিংস। ৩৪ রানে এগিয়ে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। ইতিমধ্যে ফিরে গেছেন পিনাক ঘোষ (১৪), ফজলে মাহমুদ রাব্বি (৫) ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১৩)। আর ওপেনার প্রান্তিক নাবিল মাঠ ছাড়েন আহত হয়ে।
