রিসেট

‘আইনমন্ত্রী আনিসুল হককে বিপুল ভোটে হারাবেন জাফরুল!’

প্রকাশিত: ২০ ডিসেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী মাত্র দু’জন। আর সবচেয়ে বেশি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে। এখানে আওয়ামী লীগের আরেক হেভিওয়েট প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে লড়ছেন ৭ জন। জেলার ৬টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৪ জন। এরমধ্যে সবচেয়ে কম প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৪ অর্থাৎ কসবা-আখাউড়ায়। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান (আম) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুস (ফুলের মালা)। জাফরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা গ্রামে। তিনি এই আসনটি ছাড়াও ২ এবং ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাফরুল কদ্দুসের দাবি সব আসনেই তার পজিশন ভালো। এরমধ্যে আইনমন্ত্রীর সঙ্গে অনেক ভালো অবস্থায় রয়েছেন জানিয়ে বলেন- ‘শুধু ভালো নয়, অনেক ভালো আল্লাহর রহমতে। ওখানে আমার হাজার হাজার ভক্ত, মুরিদান, আশেকান আছে। আমার অনেক কর্মী সেখানে। আমি উনাকে বিপুল ভোটে হারাবো, ইনশাআল্লাহ।’ মঙ্গলবার বিকাল থেকে সব আসনে তার প্রচার-প্রচারণা শুরু হয়েছে বলেও জানান। ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খানের বাড়ি কসবার দেলী গ্রামে। 

তিনি থাকেন ঢাকা হাতিরঝিলের গাবতলায়। তার মোবাইল নাম্বারে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে আইনমন্ত্রী মঙ্গলবার দুপুরে তার নির্বাচনী এলাকার আখাউড়া থেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন। তিনি সেখানকার খরমপুর মাজার জিয়ারত করেন।    ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে সর্বাধিক ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), স্বতন্ত্র ফিরোজুর রহমান (কাঁচি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের  সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি), জাসদের আবদুর রহমান খান ওমর (মশাল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জামাল রানা (নোঙর)। প্রতিদ্বন্দ্বী সংখ্যার হিসেবে এরপরই অবস্থান ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৫ আসনের। এ দুটি আসনে ৭ জন করে প্রার্থী রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- স্বতন্ত্র মো. মঈন উদ্দিন (কলারছড়ি), ইসলামী ঐক্যজোটের আবুল হাসনাত (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম), তৃণমূল বিএনপি’র মাইনুল হাসান (সোনালী আঁশ), স্বতন্ত্র এডভোকেট জিয়াউল হক মৃধা (ঈগল), জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঁইয়া (লাঙ্গল), তরিকত ফেডারেশনের  সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা)।  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের ফয়জুর রহমান বাদল (নৌকা), স্বতন্ত্র একেএম মমিনুল হক সাঈদ (ঈগল), সুপ্রিম পার্টির জামাল সরকার (একতারা), জাতীয় পার্টির মোবারক হোসেন (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. মেহেদী হাসান (মিনার), তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুস (ফুলের মালা), তৃণমূল বিএনপি’র হাবিবুর রহমান (সোনালী আঁশ)। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ৫ প্রার্থী হচ্ছেন- স্বতন্ত্র আলহাজ সৈয়দ এ কে একরামুজ্জামান (কলারছড়ি), আওয়ামী লীগের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন (মোমবাতি), জাতীয় পার্টির মো. শাহনুল করিম (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির মো. বকুল হোসেন (হাতুড়ি)। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আমজাদ হোসেন (লাঙ্গল), সুপ্রিম পার্টির কবির মিয়া (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম (আম)।