‘যে ভোটে সরকার বদলাবে না, সেই ভোট দিয়ে কী হবে?। তাছাড়া এ নির্বাচন তো পাড়ার ক্রিকেট খেলার মতো ভাগাভাগি করে দুই দল। দেখছেন না চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগ নেতা, ভোট করছেন আওয়ামী লীগের সাবেক এমপিও। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) একই অবস্থা নৌকার সঙ্গে লড়বেন আওয়ামী লীগের সাবেক এমপি। সদর আসনে (চাঁপাইনবাবগঞ্জ-৩) বিএনপি’র সাবেক মেয়র বিএনএম থেকে প্রার্থী হলেও মূলত লড়াই হবে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ এমপি বনাম তার নিজ দলের বিরোধী গ্রুপের মধ্যে। এটা কোন ভোট?’ আসন্ন সংসদ নির্বাচনে সাধারণ মানুষের আগ্রহ নিয়ে জানতে চাইলে এমন চিত্র তুলে ধরেন সেতাউর রহমান নামে এক প্রবীণ ব্যক্তি। তার এই মন্তব্যে কেউ দ্বিমত প্রকাশ করেন নি। চায়ের স্টলে থাকা অন্যরাও বললেন তিনি যা বলেছেন এটাই চাঁপাইনবাবগঞ্জের আসল চিত্র। সরজমিন ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার প্রতীক বরাদ্দ হয়েছে। চলছে পোস্টার আর ফেস্টুন টাঙানোর কাজ। তবে প্রচারেও তেমন জনসমাগম নেই। মাঝে মধ্যে মাইকের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সেটিও রেকর্ড করা। সবমিলিয়ে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মীরা বলছেন- নির্বাচনে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বড় দল বিএনপি-জামায়াত নেই।
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ক্ষমতাসীন দলটির দলীয় মনোনয়নকে চ্যালেঞ্জ জানানো বিদ্রোহী প্রার্থীরা। এই নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই। নেই উৎসবের আমেজও। তাবে প্রার্থীরা ভোটারদের ভোটকেন্দ্রে নিতে সব ধরনের চেষ্টা করবেন বলে জানান। স্থানীয়রা বলছেন, নির্বাচন আসলে পাড়া-মহল্লায় বিরাজ করে নির্বাচনের আমেজ। প্রার্থী আর ভোটারদের মাঝে চলা নানা হালচাল নিয়ে উত্তপ্ত হয় চায়ের দোকান। নানান বয়সী মানুষের আলোচনায় ভরপুর থাকে চায়ের দোকান, রূপ নেই মিনি সংসদে। চায়ের চুমুকে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় উন্নয়ন আর ব্যক্তি ইমেজ নিয়ে। সেই চিত্র এবার নেই। একেবারই ব্যতিক্রম। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনেও এখানে আঁচ লাগেনি নির্বাচনের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভোটার ব্যবসায়ী রফিকুল ইসলামের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটের কোনো উত্তাপ নেই এলাকায়। ভোটে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। ভোট নিয়ে এখন আর কিছু ভাবছি না। আমরা ভোট দিলেও যা; না দিলেও তাই হবে। এমন পরিস্থিতিতে ‘ভোট দিয়ে কী হবে’- এমন মন্তব্যই তার মতো ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর ও আব্দুল মালেকের।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বলেন, চলতি বছরের উপনির্বাচনে অনেক মানুষ ভোটকেন্দ্রে এসেছিলেন। এবার ভোটার উপস্থিতি বাড়বে। কারণ হিসেবে তিনি বলেন, নৌকার বিরোধী একটি গ্রুপ বিএনএম’র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। গত উপনির্বাচনেও তারা নৌকার বিপক্ষে কাজ করেছে। আগামী নির্বাচনেও ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন। যারা ভোটকেন্দ্রে যাবেন তাদের ৯৫ ভাগ মানুষই নৌকায় ভোট দিবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল মানবজমিনকে বলেন, বিএনপি-জামায়াতবিহীন নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। তাছাড়া বিএনপি’র নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করবে। ভোটারদের মধ্যেও ভোট নিয়ে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই। তাই ভোটারের উপস্থিতি কেমন হবে, তা বলা মুশকিল। যে কারণে হোক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ না করলে নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যায়।
