দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ শুক্রবার। দ্বৈত নাগরিকত্ব, মামলার তথ্য গোপন ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এই পাঁচ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পড়ে নির্বাচন কমিশনে। এই প্রার্থীদের বিরুদ্ধে করা আপিল আজ নিষ্পত্তি করবে কাজী হাবিবুল আউয়াল কমিশন।
শাহজাহান ওমর: শনিবার (৯ ডিসেম্বর) ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করায় তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা। শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি।
এ কে আজাদ ও শামীম হকের পাল্টাপাল্টি অভিযোগের সিদ্ধান্ত আজ: হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ তুলে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। অন্যদিকে এর আগে দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তাদের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
পঙ্কজ দেবনাথ ও শাম্মী আহমেদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ রিটার্নিং অফিসারের নিকট আবেদন করলে, রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছে। বর্ণিত আপিল শুনানি শেষে আজ নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।
অন্যদিকে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিল করেন বাছাইয়ে বাদ পড়া নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। হলফনামায় তথ্য গোপনের অভিযোগের বিষয়ে আপিল শুনানির নির্ধারিত দিন নির্ধারণ থাকলেও আপিল শুনানিটি পেন্ডিং রাখে কমিশন। ইসি জানায়, পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানি শুক্রবার করা হবে। সকাল ১০-১১ টার মধ্যে শাম্মী আহমেদ ও পঙ্কজ দেবনাথকে উপস্থিত থাকতে হবে।
