রিসেট

ডেঙ্গুতে ডিসেম্বরের ১০ দিনে ৩৯ জনের মৃত্যু

প্রকাশিত: ১১ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে দেশে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬১ জনে। ডিসেম্বরের ১০ দিনে মারা গেছেন ৩৯ জন। একদিনে আরও ৪৫৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে তিনগুণের বেশি     
রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৮ হাজার ২৩৪ জন। মৃত ১ হাজার ৬৬১ জনের মধ্যে নারী ৯৪৯ জন এবং পুরুষ ৭১২ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭০৩ জন এবং রাজধানীতে ৯৫৮ জন। 
ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে  বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ জন এবং ঢাকার বাইরে ৩৭৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯১ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৮০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭১১ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ১৪৯ জন এবং নারী ১ লাখ ২৮ হাজার ৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৩ হাজার ২৮০ জন।
ডিসেম্বরের ১০ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। বর্তমান রোগীর চেয়ে আরও ১০ গুণ বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।