১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ঘরের মাঠ ব্রিজটাউনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় শেই হোপের দল। ওয়েস্ট ইন্ডিজের জয়ের পেছনে বড় অবদান অভিষিক্ত পেসার ম্যাথিউ ফোর্ডের। ২৯ রানে ৩ উইকেট নেয়া ২১ বছর বয়সী পেসার শেষ দিকে বিপদের সময় ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ১৩ রান। ২০০৭ সালের পর ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। আগে ব্যাটিং শেসে ৯ উইকেটে ২০৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাট শুরু করার আগে ফের হানা দেয় বৃষ্টি। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়ায় ১৪ বল আর ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় উইন্ডিজ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফোর্ডের দুর্দান্ত স্পেলে ৪৯ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর দলের হাল ধরেন বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোন। ৮৮ রানের জুটি গড়েন তারা। ৭১ রান করেন ডাকেট, ৪৫ রানের ইনিংস খেলে ফেরত যান লিভিংস্টোন। শেষ পর্যন্ত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে ইংলিশরা। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অ্যালিক অ্যাথানিজ ও কিসি কার্টির জুটিতে এগিয়ে যায় ক্যারিবীয়রা। ফিফটি হাঁকান কার্টি (৫৮ বলে ৫০)। অ্যালিক খেলেন ৪৫ রানের ইনিংস। শেষ দিকে এসে কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল ক্যারিবীয়রা। ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে শঙ্কা কাটিয়ে রোমারিও শেইফার্ড ও ফোর্ডের ব্যাটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শেপহ্যার্ড করেন ৪১ রানে, সঙ্গে ফোর্ডের ১৩ অবদানে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে তারা। ম্যাচসেরা হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষিক্ত তারকা ফোর্ড। বলেন, ‘একটি স্বপ্ন সত্যি হয়েছে। উইকেটটি একটু কঠিন ছিল। তাই সঠিক লাইন এবং লেন্থ বোলিং করার একটি বিষয় ছিল। যখন আমি ব্যাট করতে আসি, তখন পিচে বল অনেক টার্ন করছিল।’
