রিসেট

ভুবনেশ্বরে এক পয়েন্ট নয় জয়ে চোখ কিংসের

প্রকাশিত: ১১ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অল্প দিনেই রাজত্ব গড়েছে বসুন্ধরা কিংস। মাত্র ৭ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি বাংলাদেশের ফুটবলে অনেক ইতিহাস নিজেদের করে নিয়েছে। এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক ফুটবল। দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এশিয়ান অঞ্চলে যেতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দলটি। আজ এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুবনেশ্বরে ওড়িষা এফসির মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। এই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই একটি লক্ষ্য পূরণ হবে বাংলাদেশের ক্লাবটির। ১ পয়েন্ট পেলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তবে বসুন্ধরা কিংসের চোখ জয়ে। দলটির স্প্রানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন বলেন, ‘এক পয়েন্ট নয়, জয়ের জন্যই মাঠে নামবে বসুন্ধরা কিংস।’ ওড়িষার প্রাদেশিক রাজধানী ভুবনেশ্বরে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। গতকাল সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘এটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলই আক্রমণাত্মক খেলে থাকে। দুই দল একে অন্যের সম্পর্কে জানে। তাই আমরা চেষ্টা করবো ম্যাচটা জিততে। আমাদের ড্রয়ের জন্য না খেলে তিন পয়েন্টের জন্য মাঠে নামতে হবে। 

জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে।’ কোচের মতো একই সুরে কথা বলছেন কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। যিনি আগের ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। এই ম্যাচ জেতানোর প্রত্যয় তার কণ্ঠে। রবসন রবিনহো বলেন, ‘এই প্রথমবার আমরা সব দিক দিয়ে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে। সব খেলোয়াড় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আমরা জিততে চাই ক্লাব ও সমর্থকদের জন্য। কিংসের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের সকল ফুটবলপ্রেমী।’ বছর চারেক আগে আবাহনী লিমিটেড প্রথমবারের মতো এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে সক্ষম হয়েছিল। এবার বসুন্ধরা কিংসের সামনে নতুন করে ইতিহাস গড়ার হাতছানি। প্রথমবার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে শেষ ম্যাচে ওড়িষার বিপক্ষে কিংসের দরকার অন্তত ১ পয়েন্ট। পাঁচ ম্যাচে কিংসের পয়েন্ট ১০ আর ওড়িষার সংগ্রহ ৯। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল জোনাল সেমিফাইনাল খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ভারতের ওড়িষার প্রয়োজন জয় আর বাংলাদেশের কিংসের ড্র। বসুন্ধরা কিংস প্রথম লেগে ওড়িষাকে কিংস অ্যারেনায় হারিয়েছিল ৩-২ গোলে। ভারতীয় ঘরোয়া আসর ইন্ডিয়ান সুপার লীগের অভিষেক আসর থেকে যাত্রা শুরু ওড়িষা দলটির। এবার আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রাখতে বিভোর তারা। বসুন্ধরার বিপক্ষে ম্যাচ সামনে রেখে তাদের ওয়েবসাইটে এ নিয়ে আবেগী ও প্রত্যয়ী বার্তা দিয়েছে ওড়িষাও।