২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী জুনে মঞ্চস্থ হবে ২০ দলের বৈশ্বিক টুর্নামেন্টটি। আর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ছেলে-মেয়েদের বিশ্বকাপের ‘কমন’ একটি লোগো উন্মোচন করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আজ দুপুরে নিজেদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোর ছবি প্রকাশ করে আইসিসি। লোগো উন্মোচন উপলক্ষে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে- ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি-টোয়েন্টি ক্রিকেটের মূল উপাদানগুলোর প্রতীক। সঙ্গে দেখানো হয়, নারী এবং পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ভিডিওর শেষে দুই বিশ্বকাপের লোগো প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, ইংরেজিতে টি-টোয়েন্টি লেখাটিকে একটি ব্যাটের আকৃতি দিয়ে গতিশীল একটি বলের মধ্যে আবদ্ধ রেখে বিশ্বকাপের লোগো ডিজাইন করা হয়েছে। বলের মধ্যকার গ্রাফিক টি-টোয়েন্টি ম্যাচের পরিবেশ ও বৈদ্যুতিক শক্তিকে প্রতিফলিত করেছে।
২০২৪ বিশ্বকাপের লোগো নিয়ে আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’
আগামী ৪ঠা জুন শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির পর্দা নামবে ৩০শে জুন। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ১৬টি দল। এবার বিশ্বকাপ খেলবে ২০ দল। ম্যাচ হবে ৫৫টি।
আর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। দশ দলীয় টুর্নামেন্টটিতে ইতোমধ্যে আট দল কোয়ালিফাই করেছে। বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান।
