পাঁচ মাস আগেও মেজর লীগ সকার (এমএলএস) নিয়ে আলোচনা ছিল না বিশ্ব ফুটবলে। ঘরোয়া টুর্নামেন্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ের ২৯তম প্রতিযোগিতা নিয়ে দর্শকদের আগ্রহ তলানিতে থাকার কথাই। তবে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় লাইমলাইটে চলে আসে যুক্তরাষ্ট্রের ফুটবল। দর্শক প্রিয়তা বেড়ে যায় এমএলএসের। যুক্তরাষ্ট্রের ফুটবলে অবিশ্বাস্য প্রভাব ফেলায় দেশটির বিখ্যাত সাময়িকী ‘টাইম’-এর ২০২৩ সালের সেরা অ্যাথলেট হয়েছেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে এই সম্মাননা জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার।
লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ফেরানোর চেষ্টা চালায় বার্সেলোনা। সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল তো টাকার বস্তা নিয়ে নেমেছিল। ত্রিমুখী প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে লিওনেল মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। ডেভিড বেকহ্যামের ক্লাবটিতে যোগ দিয়ে স্বভাবজাত নৈপুণ্য ছড়াতে থাকেন আর্জেন্টাইন সুপারস্টার। মায়ামির হয়ে ১৪ ম্যাচ খেলে পান ১১ গোল। এরমধ্যে লীগস কাপ শিরোপা জেতে দলটি। ইউএস ওপেন কাপে হয় রানার্সআপ। মেসি ম্যানিয়ায় এমএলএসে দর্শকদের ঝোঁক বেড়ে যায়। শুরু হয় প্রতিযোগিতাটির বিশ্বব্যাপী সম্প্রচার। সবমিলিয়ে ২০২৩ সালের সেরা অ্যাথলেট হিসেবে মেসিকে বেছে নিয়েছে টাইম।
২০১৯ সাল থেকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে আসছে টাইম। সে বছর সম্মানসূচক এই পুরস্কার পেয়েছিল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। পরের বছর খেতাবটি পান বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস জেতেন অ্যাথলেট অব দ্য ইয়ারের পুরস্কার। সবশেষ ২০২২ সালে নিউইয়র্ক ইয়াঙ্কির বেসবল তারকা অ্যারন জাজ জেতেন টাইমের বর্ষসেরার পুরস্কার। আর এবার প্রথম ফুটবলার হিসেবে সম্মানটি অর্জন করলেন মেসি।
২০২২ সালটা সোনায় মোড়ানো ছিল লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ জিতে অমরত্ব লাভ করা আর্জেন্টাইন সুপারস্টার ২০২৩ সালের ব্যালন ডি’অরও জেতেন। টাইমের সেরা হয়ে সাময়িকীটির সঙ্গে নিজের এমএলএসে আসার আগের ভাবনা নিয়ে কথা বলেন মেসি। তিনি বলেন, ‘সবার আগে বার্সেলোনায় ফেরার কথা ভেবেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। ফেরার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। এটাও সত্য যে সৌদি আরবে যাওয়ার কথাও ভেবেছি শেষ দিকে। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ বানিয়েছে, যেটা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দেশটির পর্যটনদূত হিসেবে আমাকে ব্যাপারটা টেনেছিল। আর সেখানে যা যা দেখেছি, ভালোও লেগেছির। সৌদি আরব ও এমএলএস- দুটি জায়গাই খুব আকর্ষণীয় ছিল আমার জন্য।’
