রিসেট

জার্মান প্রেসিডেন্টকে ৩০ মিনিট অপেক্ষা করালেন কাতারের মন্ত্রী

প্রকাশিত: ১ ডিসেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

দোহায় তিন ঘণ্টাব্যাপী সরকারি সফরের প্রথম আধ ঘণ্টা বিমানে আটকে রইলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। কারণ তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না কোনো কাতারি কর্মকর্তা। কাতারে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত লোথার ফ্রাইশলাডারও উপস্থিত ছিলেন দোহা বিমানবন্দরে। তবে কাতারের তরফ থেকে কেউ না থাকায় বিমানেই আটকে থাকেন জার্মান প্রেসিডেন্ট। 
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বুধবার দোহায় অবতরণ করে জার্মান সামরিক বাহিনী বুন্ডেসভেয়ারের এয়ারবাস এ৩৫০ বিমানটি। গনগনে রোদে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর জার্মান রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে আসেন কাতারের পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্র মন্ত্রী সুলতান আল-মুরাইচাই। এরপর স্টাইনমায়ার কাতারের ক্ষমতাসীন আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দেখা করেন।

স্টাইনমায়ারের সাথে একই বিমানে ছিলেন ডয়চে ভেলের রোজালিয়া রোমানিচ। ৩০ মিনিটের এই জটিলতার ফলে তার মনে হচ্ছিল হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। হয়তো স্টাইনমায়ারের তিন দিনব্যাপী ইসরাইল সফরের ফলে কিছুটা শীতল আচরণ করছে কাতার। চলমান ইসরায়েল-হামাস সংঘাতের প্রেক্ষিতে কাতারের ভূমিকা জার্মানির দৃষ্টিভঙ্গিতে বেশ জটিল, কারণ কাতারেই হামাসের রাজনৈতিক নেতৃত্বের বাস। ফলে, অনেকেই ধারণা করেন যে বুধবারের এই ঘটনা হয়তো জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাম্প্রতিক বক্তব্যের প্রভাব।

অক্টোবরে আল থানির বার্লিন সফরের আগে জার্মান গণমাধ্যম জেডডিএফকে বেয়ারবক বলেন, সন্ত্রাসকে এভাবে সমর্থন করা আমরা মানি না। এই সন্ত্রাসবাদকে ঠেকাতে কাতারের মত রাষ্ট্রেরও একটা দায়িত্ব রয়েছে। বেয়ারবকের এমন মন্তব্যে কাতার কর্তৃপক্ষ ক্ষুণ্ন হয়েছে বলে জানা গেছে। এছাড়া, দেশটি ইতিমধ্যে হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় দেড় বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল ও প্রশাসন কর্মীদের বেতন। কাতার বলছে, এমনটা তারা করেছে ইসরাইলের অনুমোদন নিয়েই।

কাতারি কর্তৃপক্ষের সাথে হামাসের হাতে বন্দি জার্মান নাগরিকদের ছাড়ানোর দিকটি আলোচনা করতেই কাতারে পৌঁছান জার্মান প্রেসিডেন্ট। আল থানির সাথে আলোচনার পর সাংবাদিকদের স্টাইনমায়ার বলেন, আমি নিশ্চিত, জার্মান বন্দিদের হামাসের কবল থেকে বের করে আনতে কাতার তার সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের বুঝতে হবে, এতটা কঠিন আলোচনার পরিস্থিতিতে আসলে কোনো নিশ্চয়তাই থাকে না। আমি আশা করছি, আসন্ন দিনগুলিতে যাতে আমরা কোনো সুখবর পাই।

মোট ১৮০জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের জেল থেকে মুক্তি দিয়েছে। অন্যদিকে, হামাস ৮০ জন বন্দিকে মুক্ত করেছে, যার মধ্যে ৬০ জন ইসরাইলি নাগরিক। ৭ই অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রাণ হারান ১২০০ জন, বন্দি করা হয় আনুমানিক ২৪০ জনকে। হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে ইসরাইল, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র। ইসরাইলের পালটা হামলায় ফিলিস্তিনে ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যার প্রায় অর্ধেকই শিশু।