এক বছর আগে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রোহিত শর্মা। ওয়ানডে ও টেস্টেই মনোযোগ ভারতের দুই ফরম্যাটের অধিনায়কের। এবার ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা করছেন হিটম্যান। খবরটি দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
২০২৩ বিশ্বকাপটা দুর্দান্ত খেলেছে ভারত। তবে বিশ্বকাপ ছুঁতে না পারার আক্ষেপ রয়ে গেছে স্কাই ব্লুদের। ওয়ানডে ওয়ার্ল্ডকাপ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। সিরিজটিতে বিশ্রাম নিয়েছেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মাসহ বিশ্বকাপ দলে থাকা অধিকাংশ খেলোয়াড়। পিটিআই জানিয়েছে, ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা করছেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক মুখপাত্র পিটিআইকে বলেন, ‘যদিও এটা নতুন কোনো খবর নয়। ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতে এক বছর ধরে টি-টোয়েন্টি খেলছে না রোহিত।’ ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় রোহিত শর্মার। গত বছরের নভেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষেই সবশেষ ২০ ওভারের ম্যাচটি খেলেছেন তিনি।
বিসিসিআই মুখপাত্র পিটিআইকে বলেন, ‘এ (টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের) বিষয় নিয়ে বিসিসিআই চেয়ারম্যান অজিত আগারকারের সঙ্গে তার বিস্তর আলোচনা হয়েছে। সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকতে চাইছে। এটা সম্পূর্ণরূপে রোহিতের একান্ত সিদ্ধান্ত।’
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার।
ভারতের হয়ে ১৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৪০ ইনিংস ব্যাট করে ৩১.৩২ গড় এবং ১৩৯.২৪ স্ট্রাইক রেটে ৩ হাজার ৮৫৩ রান করেছেন রোহিত শর্মা। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ৪টি সেঞ্চুরি এবং ২৯টি ফিফটি রয়েছে ৩৬ বছর বয়সী এই ওপেনারের।
