ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক মানবজমিন ৯৩ রানের বিশাল ব্যবধানে দৈনিক নিউ নেশনকে হারিয়েছে। গতকাল পল্টন ময়দান মাঠে ছয় ওভারের সিক্স এ সাইড ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মানবজমিন ক্রিকেট দলের অধিনায়ক কাজী সুমন। ওপেনিংয়ে নেমে দ্রুত রান তোলেন মানবজমিন-এর স্পোর্টস ইনচার্জ সামন হোসেন ও সিনিয়র রিপোর্টার কাজী সুমন। চার-ছক্কার টর্নেডো বইয়ে দেন দুই ওপেনার। ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে মানবজমিন ক্রিকেট দল। ১২৯ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে মানবজমিনের বোলারদের তোপের মুখে পড়ে নিউ নেশন ৩৫ রানে অলআউট হয়ে যায়। মানবজমিনের পক্ষে ৫৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন সামন হোসেন। কাজী সুমন করেন ৩৪ রান। মানবজমিন ক্রিকেট দল: কাজী সুমন (অধিনায়ক), সামন হোসেন, এমএম মাসুদ, রাশিম মোল্লাহ ও কিরণ শেখ।
