ভারত যখন ব্যাটিংয়ে ধুঁকছিল তখনই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কান্নাভেজা চোখ ক্যামেরাবন্দি হয়। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভেজা চোখ ক্যাপ দিয়ে লুকানোর চেষ্টায় ছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজ, শামি- সবাই-ই কেঁদেছেন বিশ্বকাপ ছুঁতে না পারার কষ্টে। শুধু মাঠ নয়, ভারতীয় ক্রিকেটারদের কান্নায় ভারী হয়েছিল ড্রেসিংরুমও। ম্যাচের পর রোহিত-কোহলিদের সান্ত্বনা দিতে লকাররুমে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৯শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যাট কামিন্সদের শিরোপা বুঝিয়ে দিয়ে সরাসরি ভারতের ড্রেসিংরুমে চলে যান তিনি। মোদির সঙ্গে কোহলি-বিরাটদের আলাপের ছবি সেদিনই প্রকাশ পায় ভারতীয় গণমাধ্যমগুলোতে। তবে ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর কী কথা হয়েছিল, তা জানা যায়নি। গতকাল ভারতের ড্রেসিংরুম পরিদর্শনের ভিডিও প্রধানমন্ত্রী মোদির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মোদি রোহিত ও কোহলির মাঝে দাঁড়িয়ে সান্ত্বনাসূচক কথা বলছেন। ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা টানা ১০টি ম্যাচ জিতেছো। এই একটা ম্যাচ তোমরা হারতেই পারো, এটা স্বাভাবিক। এমনটা হয়ই। দয়া করে তোমরা হাসো, পুরো দেশ তোমাদের দেখছে। আমি ভাবলাম যে আমার তোমাদের সঙ্গে দেখা করা উচিত।’ মোদি এরপর নিজের এলাকা গুজরাটের রবীন্দ্র জাদেজার উদ্দেশে বলেন, ‘এই যে ছেলে...।’ এরপর দুজনে গুজরাটি ভাষায় কিছুক্ষণ কথা বলেন। মোদি এ সময় জাসপ্রীত বুমরাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি গুজরাটি বলতে পারো? বুমরাহ উত্তরে বলেন, ‘কিছুটা।’ মোহাম্মদ শামিরও প্রশংসা করেন মোদি। এসময় শামি কান্নায় ভেংে পড়লে মোদি তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন। এরপর মোদি বলেন, ‘তোমরা সবাই সত্যিকার অর্থেই কঠিন পরিশ্রম করেছো এবং অসাধারণ খেলেছো। ঐক্যবদ্ধ থাকো এবং একে অন্যকে অনুপ্রেরণা দাও। আর তোমরা যখনই সময় পাবে, দিল্লিতে এলে আমার সঙ্গে দেখা করবে।
তোমাদের সবার নিমন্ত্রণ রইলো।’ প্রধানমন্ত্রী মোদির সান্নিধ্য পেয়ে সেদিনই সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি পোস্ট করেন ভারতীয় বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এক্সে (টুইটার) তিনি লিখেন, ‘দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটিয়েছি আমরা। তবে শেষটা রাঙাতে পারিনি। আমাদের সবারই হৃদয় ভঙ্গ হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ড্রেসিংরুম পরিদর্শন আমাদের জন্য খুবই বিশেষ ছিল এবং অনুপ্রেরণাদায়ক।’ ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ শামি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন, ‘দুর্ভাগ্যবশত ফাইনালের দিনটি আমাদের পক্ষে ছিল না। আমাদের সমর্থন জানানোয় সকল ভারতীয়দের ধন্যবাদ জানাই। ড্রেসিংরুমে এসে আমাদের অনুপ্রেরণা দেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ মোদির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রত্যাবর্তন করবো।’
