রিসেট

ভারত-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ডায়ালগে যেসব বিষয় আলোচিত হলো

প্রকাশিত: ১৮ নভেম্বর (শনিবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

নয়া দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত ভারত ও যুক্তরাষ্ট্রের ২+২ ডায়ালগের ফলাফল বিশ্লেষণ করেছে কাউন্সিল অন ফরেন রিলেশন্স। ১৭ই নভেম্বর প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ওই ডায়ালগে বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উত্থাপিত হয়। রিপোর্টে বলা হয়েছে- ‘বৈঠকে আফগানিস্তান এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনগুলোও উত্থাপিত হয়েছে। এতে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন- বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করবে না ভারত। নির্বাচনী প্রক্রিয়ার প্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নিষেধাজ্ঞার আলোকে এই মন্তব্য করা হয়েছে। বৈঠকের পর বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, বাংলাদেশের নির্বাচন অবাধ, মুক্ত ও সহিংসতামুক্ত হওয়া উচিত। এ ছাড়া আর কোনো মন্তব্য করা হয়নি’। অন্যদিকে আফগানিস্তানে মানবাধিকার সুরক্ষিত রাখতে তালেবানদের প্রতি যৌথভাবে আহ্বান জানিয়েছেন ভারত ও যুক্তরাষ্ট্রের মন্ত্রীরা। তাদেরকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। 
উল্লেখ্য, ১০ই নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নয়া দিল্লিতে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। এটা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ম ২+২ মিনিস্টারিয়াল ডায়ালগ। বৈশ্বিক নিরাপত্তা নিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে দুই পক্ষ, তার প্রেক্ষিতে এই ডায়ালগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাতের আনুষ্ঠানিক ফলোআপ। ওই দুই নেতা এ বছরের জুনে এবং সেপ্টেম্বরে সাক্ষাৎ করেন। 
এতে বলা হয়, ডায়ালগে বিস্তৃত ইস্যুতে আলোচনা হয়েছে। এর মধ্যে আছে ইন্দা-প্যাসিফিক নিরাপত্তা, ইসরাইল-হামাস যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, যৌথ প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানোর গুরুত্ব এবং বৈশ্বিক সাপ্লাই চেইন। 
রিপোর্টে বলা হয়েছে, যদিও এই ডায়ালগ ঐক্যবদ্ধ একটি ফোরাম হিসেবে মনে করা হয়েছিল, তবুও মিটিংয়ের জন্য সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জের বিষয়ে পূর্বাভাস করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে, এই আলোচনায় তা একটি বিষয় হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। ভারত-কানাডার মধ্যে চলমান কূটনৈতিক ফাটলের বিষয় এতে আরও চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলেও ভাবা হয়েছিল। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যস্ততা সত্ত্বেও এই ডায়ালগ বন্ধ করতে আগ্রহী নয় দুই পক্ষ। এতে তাদের সম্পর্কের গুরুত্বের প্রতিশ্রুতি ফুটে উঠেছে। 
কাউন্সিল অন ফরেন রিলেশন্স আরও লিখেছে, এই মিটিংয়ের কেন্দ্রীয় এজেন্ডা ছিল অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক বজায় রাখার চেষ্টা। এক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্র শুধু তাদের প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেছে এমন নয়। একই সঙ্গে চূড়ান্ত করা হয়েছে সিকিউরিটি অব সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট (এসওএসএ)। এর উদ্দেশ্য দুই দেশের মধ্যে স্বাধীনভাবে সরবরাহ চেইনকে শক্তিশালী করা। পাশাপাশি আছে ২০২৩ রোডম্যাপ ফর ইউএস-ইন্ডিয়া ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেশন। এর  ভিত্তিতে প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথভাবে উৎপাদনের কথা বলা হয়েছে। উপরন্তু দুই দেশ যৌথভাবে সাঁজোয়া পদাতিক যান তৈরি শুরু করতে সম্মত হয়েছে। 
আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল গাজা ও ইউক্রেনে চলমান যুদ্ধ। মিটিংকালে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে যৌথ সমর্থন ঘোষণা করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। উভয় দেশই মানবিক কারণে যুদ্ধ বিরতি দেয়ার এবং ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সহযোগিতা চালিয়ে যেতে প্রতিশ্রুতি দিয়েছে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতি মানবিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে উভয়পক্ষ। ইউক্রেন যুদ্ধে যে মানবিক সঙ্কট বেরিয়ে আসছে তাতে পরস্পর একই রকম উদ্বেগ তুলে ধরে ভারত ও যুক্তরাষ্ট্র। লক্ষণীয় বিষয় হলো এই যুদ্ধে দুই পক্ষই একই রকম অবস্থান নিয়েছে। সামাজিক পরিণতি সহ এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছেন তারা। ইউক্রেনের সাধারণ নাগরিকদের জন্য মানবিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। 
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়েও আলোচনা করেছে। প্রকাশ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রত্যয় ঘোষণা করেছেন যে, চীনের আগ্রাসন মোকাবিলায় একমত হয়েছেন তারা। 
শেষে সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহীর বিষয়ে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে সহযোগিতার ওপর জোর দিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি দুই দেশের শিক্ষা বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ব্লিঙ্কেন বলেছেন, এই সহযোগিতা আংশিকভাবে অর্জন করা যেতে পারে ভারতীয় অভিবাসীদের ভিসার জন্য অপেক্ষার সময় কমিয়ে আনার মাধ্যমে। এ ইস্যুটি ভারত সরকারের জন্য গুরুত্বপূর্ণ।