রিসেট

পিচ ইস্যুতে ‘নির্বোধ’দের মুখ বন্ধ করতে বললেন গাভাস্কার

প্রকাশিত: ১৬ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

ভারতকে সুবিধা দিতে প্রথম সেমিফাইনালের আগে পিচ বদলে ফেলা হয়, এমনই দাবি বৃটিশ গণমাধ্যম মেইল অনলাইনের। এই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটিকে ‘খুব স্বাভাবিক’ বলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এ নিয়ে আলোচনা বন্ধ হয়নি। সমালোচকদের এবার এক হাত নিলেন ভারতীয় ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার।

প্রথম সেমিফাইনালের আগে মেইল অনলাইন জানিয়েছিল, স্পিনারদের বাড়তি সুবিধা দিতে আইসিসির অনুমতি না নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেমিফাইনালের উইকেট পরিবর্তন করেছে। যদিও ম্যাচে স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারেনি। দুই ইনিংস মিলিয়ে স্পিনারদের মধ্যে কেবল একটি উইকেট পান ভারতের কুলদীপ যাদব। মোট ১৪টি উইকেটের মধ্যে ১৩টিই নেন পেসাররা। নিউজিল্যান্ডের ইনিংসে একাই সাত উইকেট পান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশে সুনীল গাভাস্কার বলেন, ‘যেসব নির্বোধ পিচ পরিবর্তন নিয়ে কথা বলেছে, আশা করছি, তারা মুখটা বন্ধ করবে। পিচ পরিবর্তন নিয়ে কথা বলা বন্ধ করুন। দুই দলের জন্যই এটা সমান ছিল।’

মেইল অনলাইনের দাবি, ভারতকে সুবিধা দিতে ফাইনালে আহমেদাবাদের পিচও তাদের পছন্দ মতো নির্বাচন করা হতে পারে। গাভাস্কার বলেন, ‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন। অবশ্য দ্বিতীয় সেমিফাইনালের আগে থেকেই অনেকে আহমেদাবাদের পিচ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে।’

ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের জন্য মূলত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর উইকেট পূর্বনির্ধারিত ছিল। লীগ পর্বে এ মাঠে অনুষ্ঠিত চার ম্যাচের একটিও ৭ নম্বর উইকেটে হয়নি। মেইল অনলাইন জানায়, আইসিসি ও বিসিসিআইয়ের ৫০ জনের বেশি কর্মকর্তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষুধে বার্তা থেকে নিশ্চিত হওয়া গেছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ ৭ নম্বর উইকেট থেকে সরিয়ে ৬ নম্বর উইকেটে স্থানান্তর করা হয়েছে।

আয়োজক বোর্ড ও ক্রিকেট দলের চাওয়া অনুসারে পিচ বদলে ফেলার ঘটনায় আইসিসির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন নিজেদের অবস্থান তুলে ধরেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি জানিয়েছে, পূর্বনির্ধারিত পিচ বাদ দিয়ে ভিন্ন পিচে খেলা চালানো নতুন কিছু নয়, অস্বাভাবিকও নয়। আইসিসির এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ একেকটা টুর্নামেন্টের শেষ দিকে পরিকল্পিত পিচ বদল ঘটানো স্বাভাবিক ব্যাপার। এ রকম ঘটনা এরইমধ্যে কয়েকবার ঘটেছেও।’