কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু শেষটাও যে ভালো হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩শ’ রান করেও হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ভারতের ওয়ানডে বিশ্বকাপের ফলাফল ৯ ম্যাচে মাত্র ২ জয়। অথচ আসর শুরুর আগে বাংলাদেশের স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলার। তবে এই সবই এখন পুরানো কথা। বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দৈনিক মানবজমিনকে বলেই দিলেন এখানেই শেষ নয়। তারা নতুন শুরুর অপেক্ষায়। কিন্তু এই ভরডুবির কারণটা কি! ব্যাটিং ব্যর্থতা, ধারহীন বোলিং, প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের ভুল পরিকল্পনা। নাকি নেতৃত্বের ব্যর্থতা! কিন্তু দেশের সেরা ক্রিকেটার, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করে তাকে ঘিরেই তো স্বপ্নের জাল বুনেছিল বাংলাদেশ। কিন্তু তাকে নিয়েও তো প্রশ্ন অভিযোগের শেষ নেই। এর কারণটাই বা কি? এ নিয়ে তার ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম জানালেন ভিন্ন কথা। এই বিশ্বকাপে অধিনায়কই হতে চাননি সাকিব। সেই প্রভাবও দেখা গেছে তার হতাশ করা নেতৃত্বে! তিনি বলেন, ‘সাকিবের কথা বলতে পারি একটি লোক নেতৃত্বই নিতে চায়নি। এরপরও নিলো, এটাইতেই অনেক কিছু পরিষ্কার হয় কিন্তু। সেই সময়টাতে আবার একটি দল গোছানো অনেক কঠিন। আর দল যখন খারাপ করে তখন দায়টা অধিনায়কের দিকেই যায়। কিন্তু সাকিব তো আর নতুন অধিনায়ক নয়। সে কেমন করে সেটি সবারই জানা।
তবে এই বিশ্বকাপের ব্যাপারটা ভিন্ন ছিল। ওতো নেতৃত্ব পাবার পরও বলেছিল অধিনায়ক হতে চায় না। এমনকি বিশ্বকাপের পর সে একদিনও থাকতে চায় না। এটাতেই পরিষ্কার যে সে নিজে থেকে নিয়ে করেনি। তবে দল যেহেতু ভালো করেনি দায়তো তাকে নিতেই হবে।’ বিশ্বকাপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হারের পর দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। কেন গেছেন দেশে! জানা যায় তার ছোট বেলার ক্রিকেট গুরু তার মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের শরণাপন্ন হয়েছেন বিশ্বকাপে নিজের ব্যাটিং ব্যর্থতা শুধরে নিতে। এ নিয়ে অবশ্য আছে অনেক মতামত। সেখান থেকে কলকাতায় ফিরে টাইগাররা হেরে যায় টানা দুই ম্যাচ। যার মধ্যে দুঃস্বপ্ন হয়ে আছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডের বিপক্ষে হার। এরপরই ভারতের বিখ্যাত সংবাদিক গৌতম ভাট্টাচার্য্য বলেই ফেললেন সাকিব বড় ক্রিকেটার কিন্তু ভালো অধিনায়ক নয়। কিন্তু নাজমুল আবেদিন মনে করেন অনীহা নিয়ে নেতৃত্ব দেয়াই কাল হয়েছে সাকিবের জন্য। তার মানে এর প্রভাবটাও দারুণভাবে পড়েছে দলের উপর। অন্যদিকে প্রশ্ন আছে প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহেকে নিয়েও। তার কোচিং দর্শন নিয়ে প্রশ্ন আছে।
তবে নাজমুল আবেদিন বিষয়টাকে দেখছেন ভিন্ন চোখে। তিনি বলেন, ‘দেখেন কোচিং দর্শন ভিন্ন বিষয়। তিনি (হাথুরু সিংহে) এবার বাংলাদেশ দলে নতুন করে যোগ দেয়ার পর থেকে তার চোখের সামনে অনেক কিছুই ঘটেছে। তার বোঝা উচিতি ছিল দলটা ডাউনের দিকেই যাচ্ছে। তখন থেকে এইসব নিয়নণ করা উচিত ছিল তার।’ অন্যদিকে ব্যাটিং অর্ডারে বারবার পরিকর্তনে দলের ক্রিকেটারদের উপর প্রাভাব ফেলেছে এ নিয়ে চলছে দারুণ সামালোচনা। টানা ৬ ম্যাচ হেরেছে টাইগাররা সেখানে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ছাড়াও মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ এমনকি সাকিবের নিজের ব্যাটিং পজিশনও ঠিক ছিল না। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বন্ধ হয়েছে এই পরীক্ষা-নিরীক্ষা। ফের পুরানো পজিশনে খেলেছে ব্যাটসম্য্যানরা। দলের স্কোর বোর্ডে উঠেছে ২৮২ রান। দলও জয় তুলে নেয়। একই ব্যাটিং অর্ডার নিয়ে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রান করে তাও অধিনায়ক সাকিবকে ছাড়া। দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত শেষ দুই ম্যাচেও পুরানো পজিশনে ফিরে সফল। তাহলে কী এই পরীক্ষা-নিরীক্ষাই পুডিয়েছে দলকে! তবে নাজমুল আবেদিন মনে করেন এমনটা নয়।
তিনি বলেন, ‘আমার মনে হয় না ব্যাটিং আর্ডারে বার বার পরিবর্তনে বড় কোনো ক্ষতি হয়েছে। ক্রিকেটারদের এ নিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকাই উচিত ছিল। দলের প্রয়োজনে এমন পরিবর্তন হতেই পারে। আমার মনে হয় ব্যাটিং খারাপের মূল কারণ ব্যাটসম্যানরা মানসিকভাবে শক্ত ছিল না। আমাদের বিশ্বকাপের মতো আসরে যে প্রস্তুতি নেয়ার কথা ছিল তা ভালো হয়নি।’ অন্যদিকে সেমিফাইনালের স্বপ্ন নিতে যাওয়ার পরই বাংলাদেশ শান্ত্বনা খুঁঁজতে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে। ২০২৫ এর পাকিস্তান আয়োজন করবে এই আসর। কিন্তু এখানে তারাই অংশ নিতে পারবে যারা ৮ এর মধ্যে থেকে শেষ করবে বিশ্বকাপ। শেষ পর্যন্ত বাংলাদেশ সেই অর্জন করতে পেরেছে। কিন্তু এটাকি সান্ত্বনা হতে পারে! নাজমুল আবেদিন মনে করেন মোটেও নয়। তিনি বলেন, ‘বিশ্বকাপে তো আমাদের এটা পাওয়ার জন্য যাইনি। তাই আমি মনে করি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন বিশ্বকাপের ব্যর্থতার আড়ালে কোনো সান্ত্বনা বা প্রাপ্তি হতে পারে। আর এখন কোচ বা বা অধিনায়ক পরিবর্তনও কোনো সমাধানের পথ নয়। আমাদেরই বদলাতে হবে।’
