রিসেট

সরকার অনিশ্চয়তায় ভুগছে

প্রকাশিত: ১২ নভেম্বর (রবিবার), ২০২৩ Archive 2022Source: কাজী সুমন

সরকার অনিশ্চয়তায় ভুগছে। তাই বিরোধী দলের কোনো কর্মকাণ্ড সহ্য করতে পারছে না। ৯০ শতাংশ জনমতকে উপেক্ষা করে তারা সরকার পরিচালনা করতে পারবে না। তাদের উচিত সংঘর্ষে না গিয়ে সমাধান বের করা। মানবজমিন-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে   
এসব মন্তব্য করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো ২০১৪ ও ১৮ সাল ফিরে আসবে না। এখন যদি জনগণের অধিকার আদায় না হয় তাহলে এটা উত্তর কোরিয়া-চায়না-রাশিয়ার মতো রাষ্ট্রে পরিণত হবে। তাই এই সরকার আমাদের শর্ত না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের যে দাবি সেটা  আমরা আদায় করে ছাড়বো  ইনশাআল্লাহ্।

বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কর্নেল অলি বলেন, সরকার সহনশীল নয়, ধৈর্যহারা হয়ে গেছে। অনিশ্চয়তায় ভুগছে। যার কারণে বিরোধী দলের কোনো কর্মকাণ্ড সহ্য করতে পারছে না। আমরা ভাঙচুরে নাই, অহিংস রাজনীতি করছি। সুতরাং সরকারের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পুলিশকে তারা ইনস্ট্রাকশন দিলেই হয়- যে যার মতো মিছিল করে যাবে। তারা যদি দেশের কোনো ক্ষতি না করে, জনগণের মালের কোনো ক্ষতি না করে তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেয়া হয়।
তিনি বলেন,  ইতিমধ্যে আমরা দেখেছি- বিএনপি’র এক কোটির ওপরে সদস্য ঘরে ঘুমাতে পারছে না। বিরোধী দলের অনেক নেতা ঘরে নাই। তারা আত্মগোপনে আছেন। এভাবে দমন-পীড়নের মাধ্যমে দেশের মঙ্গল হবে না। ১৯৯৬ সালে তারা যখন রাস্তায় মিছিল-মিটিং, হরতাল-অবরোধ করেছিল আমরা কিন্তু তাদের দাবি-দাওয়া মেনে নিয়ে সংসদে রাত জেগে কেয়ারটেকার সরকারের আইন প্রবর্তন করেছিলাম। তাদের উচিত হবে জনগণের সঙ্গে সংঘর্ষে না গিয়ে সমস্যার সমাধান বের করা। কারণ বিরোধী দলের সমর্থক হচ্ছে শতকরা ৯০ জন। এই বিপুল মানুষের মতামতকে অবজ্ঞা করে কারোর পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব নয়। সরকারের উচিত দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য, সামাজিক সমস্যা সমাধানের জন্য, ন্যায় বিচারের স্বার্থে বিরোধী দলের দাবি-দাওয়া মেনে নিয়ে আলোচনায় বসে নির্বাচনের দিন-তারিখ ধার্য করা। কেয়ারটেকার সরকার পদ্ধতি প্রবর্তন করা। 
চলমান আন্দোলনে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিএনপি’র নেতাকর্মীরা জড়িত সরকারের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক এই সদস্য বলেন, আমি একজন বিএনপি’র প্রতিষ্ঠাতা। বিএনপিতে কোনো সন্ত্রাসী নাই। বিএনপিতে এমন কোনো সন্ত্রাসী নাই যে, আইনের পরিপন্থি কাজ করবে। এটা সবাই জানে। ২৮ তারিখে পরিষ্কার হয়ে গেছে- সমগ্র পৃথিবীর কাছে, সমগ্র জাতির কাছে- সরকারের কিছু অতি উৎসাহী ছাত্রলীগ-যুবলীগ যারা পুলিশে আছে-  তাদের নেতৃত্বে গাজীপুর থেকে লাঠিসোটা নিয়ে রাস্তায় সমস্যাগুলো করেছিল। বর্তমানে যেগুলো করছে সেগুলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর জন্য এ ধরনের বাস পোড়ানোর ঘটনা ঘটাচ্ছে। আমার জানামতে বিএনপি কখনো জ্বালাও- পোড়াওয়ের সঙ্গে নাই। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়। আইনের পরিপন্থি কোনো কাজ করতে তারা অভ্যস্ত নয়। তিনি আরও বলেন, ক্রাইম অব সিন লাগানোর কথা ছিল প্রধান বিচারপতির বাসার সামনে, অথচ ক্রাইম অব সিন লাগানো হয়েছে বিএনপি অফিসের সামনে। এটা দুর্ভাগ্যজনক। কিছু পুলিশ অফিসার অতি উৎসাহী হয়ে যে কাজগুলো করছে এর থেকে সবাইকে বিরত থাকা উচিত। 
কর্নেল অলি বলেন, আমাদের মূল উৎস হচ্ছে তিনটি। রপ্তানি, গার্মেন্ট ও রেমিটেন্স। তিনটিরই খুবই দুরবস্থা। অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু। সুতরাং সরকারকে বুঝতে হবে- তারা যদি দেশপ্রেমিক হয় জনগণকে মেরে অর্থনীতিকে ধ্বংস করে, সমাজকে পঙ্গু করে ক্ষমতায় আসার কোনো কারণ থাকতে পারে না। লোভ করা ভালো না। যতদূর হয়েছে ততটুকুই শান্তিপূর্ণভাবে বিদায় নেয়াটা দেশের জন্য মঙ্গল ও তাদের জন্য মঙ্গল।

সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন,  অবশ্যই কেয়ারটেকার সরকার দিতে হবে। কারণ ইলেকশন কমিশনে যেসব দল গিয়েছিল তারা একবাক্যে বলেছে- নির্বাচনের অনুকূল পরিবেশ নাই। প্রধান নির্বাচন কমিশনার তাদের  সঙ্গে একমত হয়েছেন। সবাই যখন বলছে নির্বাচনের অনুকূল পরিবেশ নাই- তখন সরকারকে ভাবতে হবে দেশে কীভাবে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। 

প্রধান দুই দলের মধ্যে শর্তহীন সংলাপ হলে সংকটের সমাধান আসবে কিনা এমন প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, পৃথিবীতে যে দুই দেশের মধ্যে যখন সংলাপ হয় তখন একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে হয়। এজেন্ডা ছাড়া সংলাপ করা মানে সমুদ্রে সাঁতরে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার মতো।  বিগত দিনে অনেকগুলো সংলাপ হয়েছে। ৯৫ সালে বিএনপি ও আওয়ামী লীগের সমস্যা সমাধানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর স্যার নিনিয়ান্দকে পাঠিয়েছিল জাতিসংঘ। এরপর আমি নিজেই বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করে একটা ছকের মধ্যে উভয়ে রাজি হয়েছিলাম। দুর্ভাগ্যবশত বিএনপি’র কিছু নেতা সেদিন রাজি হয় নাই বিধায় সেই সংলাপটা সফল হয় নাই। এরপর বিএনপি’র আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের আবদুল জলিলের মধ্যে দীর্ঘদিন সংলাপ হয়েছে। সেই সংলাপ ফলপ্রসূ হয় নাই। তারপর ১৩ সালে জাতিসংঘের পক্ষ থেকে অস্কার ফার্নান্দেজ তারানকো এসেছিল আলোচনার জন্য। ওই আলোচনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। দু’টি আলোচনায় আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। আমি দেখেছি- এজেন্ডা ছাড়া যদি কোনো কিছু আলোচনা হয় এটা কখনো সফল হয় না। অবশ্যই উভয়পক্ষের  মধ্যে আদান-প্রদানের মাধ্যমে একটা প্রোগ্রাম সেট করতে হবে। অর্থাৎ আলোচনার বিষয়বস্তু ঠিক করতে হবে। 

বিরোধী জোটের চলমান আন্দোলনের সফলতার বিষয়ে জানতে চাইলে কর্নেল অলি বলেন, এই সরকার আমাদের শর্ত না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের যে দাবি সেটা ইনশাআল্লাহ্ আমরা আদায় করে ছাড়বো। ২০১৪ ও ২০১৮ সাল আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না। জনগণের অধিকার এখন যদি আদায় না হয় তাহলে এটা উত্তর কোরিয়া-চায়না-রাশিয়ার মতো রাষ্ট্রে পরিণত হবে। জনগণের কোনো দাম থাকবে না। জনগণ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না। অধিকার নিয়ে বসবাস করতে পারবে না। সাংবিধানিক অধিকার থাকবে না। ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। গরু-ছাগলের জীবিকা নির্বাহ করতে হবে। 

বিএনপি’র সিনিয়র নেতাদের গণগ্রেপ্তারের বিষয়ে কর্নেল অলি বলেন, বিএনপি’র যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি পরিকল্পনা করেই কর্মসূচি হাতে নিয়েছেন। প্রথম সারির নেতারা এরেস্ট হবে, দ্বিতীয় সারির নেতারা এরেস্ট হবে, তৃতীয় সারির নেতারা এরেস্ট হতে পারে। এগুলো তার চিন্তাচেতনায় আছে এবং আমরাও এগুলো চিন্তাচেতনায় রেখেছি। আমাদের আসল শক্তি হলো মাঠের কর্মীরা, দেশের জনগণ। বিরোধী জোটের বিভিন্ন মিছিলে সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে। কারণ এই যুদ্ধ শুধু রাজনৈতিক দলের নয়, ১৮ কোটি মানুষের। এদেশে গণতন্ত্র থাকবে না, স্বৈরতন্ত্র কায়েম হবে সেটা চিন্তা করতে হবে সবাইকে। এটা যদি কেউ মনে করে কর্নেল অলি আহমদের একার ফাইট- ভুল হবে। ১৮ কোটি মানুষকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দিতে হবে। এবং সবাইকে এই সুযোগ আদায়ের জন্য নিজ নিজ জায়গা থেকে কর্মসূচিগুলো সফল করতে পদক্ষেপ নিতে হবে।